ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীরের প্রার্থিতার বিরুদ্ধে আপিল শুনানির জন্য ৯ জুন তারিখ নির্ধারণ করেছে আপিল বিভাগ। একই সঙ্গে তাঁদের স্থগিত ভোটের ফলাফলের গেজেট প্রকাশ ও শপথের আবেদন দুটি নথিভুক্ত করা হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ আদেশ জারি করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসন থেকে সারোয়ার আলমগীর বিএনপির প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। তবে আদালতের সিদ্ধান্তে তাঁদের ফলাফল প্রকাশ স্থগিত রয়েছে। নির্বাচনের আগে হাইকোর্টের আদেশে চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে, আবার চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীর হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পান।
আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চট্টগ্রাম-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। অন্যদিকে, সারোয়ার আলমগীরের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চট্টগ্রাম-২ আসনের জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন লিভ টু আপিল করেন। ঋণখেলাপির অভিযোগ তুলে তারা এসব আবেদন করেন।
জামায়াতের এই দুই প্রার্থীর পৃথক লিভ টু আপিল গত ৩ ফেব্রুয়ারি মঞ্জুর করে আপিল বিভাগ আদেশ দেন। পৃথক আদেশে বলা হয়, যদি তাঁরা (আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীর) নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ (যতটুকু প্রার্থী হিসেবে তাঁদের জন্য প্রযোজ্য) এ–সংক্রান্ত আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
লিভ টু আপিল মঞ্জুর হওয়ার পর জামায়াতের এই দুই প্রার্থী গত ৩১ মার্চ পৃথক আপিল দায়ের করেন। গত ২৮ এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত আপিল শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। আগের ধারাবাহিকতায় আপিল দুটি গতকাল বুধবার কার্যতালিকায় ওঠে। আপিলের সঙ্গে ফলাফলের গেজেট প্রকাশ ও শপথের জন্য বিএনপির দুই প্রার্থীর আবেদনও কার্যতালিকায় স্থান পায়। আপিল বিভাগের ৩ ফেব্রুয়ারির আদেশ সংশোধন চেয়ে বিএনপির দুই প্রার্থী পৃথক আবেদন করেন। শুনানি নিয়ে আদেশের জন্য আজ দিন রাখেন আপিল বিভাগ।
আদালতে আপিলকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানি করেন। আসলাম চৌধুরীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী নিহাদ কবির ও মোস্তাফিজুর রহমান খান, সঙ্গে আইনজীবী রোকন উদ্দিন মো. ফারুক শুনানিতে উপস্থিত ছিলেন। সারোয়ার আলমগীরের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম শুনানি করেন।
পরে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, ফলাফলের গেজেট প্রকাশ ও শপথের জন্য বিএনপির দুই প্রার্থীর করা আবেদন নথিভুক্ত করে আপিল শুনানির জন্য আগামী ৯ জুন তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ।






