দেশের বেশ কয়েকটি ব্যাংক নারীদের জন্য বিশেষ ব্যাংকিং সেবা চালু করেছে। যেমন ব্র্যাক ব্যাংকের ‘তারা’ এবং সিটি ব্যাংকের ‘আলো’। একইভাবে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)-এর রয়েছে ইবিএল ওমেন ব্যাংকিং। এই সেবার মাধ্যমে নারীরা ব্যক্তিগত ঋণ হিসেবে ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

ইবিএলের ওমেন ব্যাংকিংয়ে ব্যক্তিগত এবং ব্যবসায়িক—দুই ধরনের হিসাব খোলার সুযোগ রয়েছে। ব্যক্তিগত হিসাবে নারী গ্রাহকরা ২৫ হাজার টাকা জমা রাখলে মাসিক ইন্টারেস্ট পাবেন। ব্যবসায়িক হিসাবের জন্য ইবিএল অভিলাষী সেবা রয়েছে। এর আওতায় নারীরা ব্যবসায়িক কাগজপত্র তৈরি ও হালনাগাদ, কারিগরি ও ব্যবসায়িক ব্যবস্থাপনা প্রশিক্ষণসহ বিভিন্ন ওয়ান-স্টপ সলিউশন পাবেন।

ওমেন ব্যাংকিংয়ে মোট চার ধরনের ডেবিট, প্রিপেইড ও ক্রেডিট কার্ড সেবা রয়েছে। এসব কার্ডে দ্বৈত মুদ্রা (ডুয়েল কারেন্সি) লেনদেনের সুবিধা আছে। নারীরা সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন ইবিএল মিলিয়নিয়ার ওমেন ডিপিএস এবং ইবিএল ওমেন কনফিডেন্স ডিপিএস-এর মাধ্যমে। শরিয়াহভিত্তিক সেবা চাইলে ইবিএল ইসলামিক সঞ্চয়ী হিসাবের সুযোগ রয়েছে।

ইবিএল জানায়, ২০১৮ সাল থেকে নারীদের আর্থিক ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এই সেবায় বর্তমানে প্রায় দুই লাখ নারী গ্রাহক সক্রিয়। সামগ্রিকভাবে নারী উদ্যোক্তা ও পেশাজীবী নারীদের প্রায় ৭০০ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকটি।

#### যেসব ঋণ পাওয়া যায়

নারীদের ব্যক্তিগত প্রয়োজনে ওমেনস ঋণ, হোম ঋণ, অটো ঋণ ও ফাস্ট ঋণ রয়েছে। ইবিএল ওমেনস লোনের মাধ্যমে কোনো জামানত ছাড়াই সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এটি সর্বোচ্চ পাঁচ বছরে মাসিক কিস্তিতে পরিশোধ করা সম্ভব।

ফ্ল্যাট কেনা, বাড়ি নির্মাণ বা সংস্কারের জন্য হোম লোন সুবিধা আছে। এতে ৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে, যা সর্বোচ্চ ২৫ বছরে মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য। নতুন বা রিকন্ডিশন্ড গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত অটো ঋণের সুযোগ রয়েছে।

নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য মুক্তি, আশা, উৎকর্ষ, উদ্দীপন, স্টার্টআপসহ বিভিন্ন স্কিমে ঋণ পাওয়া যায়। মুক্তি ঋণে মাত্র ৫ শতাংশ সুদে জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া সম্ভব।

উৎকর্ষ ও আশা স্কিমেও জামানতবিহীন ঋণ রয়েছে। আশা কর্মসূচিতে প্রথম আবেদনে ২ লাখ থেকে ১৫ লাখ টাকা এবং পরবর্তীতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এগুলো সর্বোচ্চ চার বছরে কিস্তিতে পরিশোধযোগ্য।

নতুন নারী উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ লোন-এ জামানত ছাড়াই সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত ঋণ এবং পাঁচ বছর মেয়াদে পরিশোধের সুবিধা রয়েছে। ব্যবসায় ভারী যানবাহন কেনার জন্য ফ্লিট ফাইন্যান্সিং-এ সর্বোচ্চ ৫ কোটি টাকা জামানতবিহীন ঋণ পাওয়া যাবে।

বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণ, কেনা বা সম্প্রসারণে সর্বোচ্চ ২৫ কোটি টাকা পর্যন্ত বন্ধকি ঋণ এবং ১৫ বছর মেয়াদে পরিশোধের সুযোগ আছে। ব্যবসার মূলধনি যন্ত্রপাতি কেনা ও চলতি মূলধনের জন্য বিজনেস সলিউশন ঋণে সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।

ইস্টার্ন ব্যাংকের প্রায়োরিটি ও ওমেন ব্যাংকিংয়ের প্রধান তানজেরি হক মুক্তকণ্ঠকে বলেন, ভবিষ্যতে নারী গ্রাহকদের জন্য নতুন প্রশিক্ষণ উদ্যোগ, ডিজিটাল লার্নিং–সুবিধা এবং বৈচিত্র্যময় পণ্য ও সেবা চালুর পরিকল্পনা নিয়েছে ব্যাংকটি। এ ছাড়া ডিজিটাল ব্যাংকিং–সুবিধা, নারীদের পে–রোল সলিউশন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, এআই ও ব্যবসায়িক শিক্ষা এবং বিশেষ লাইফস্টাইল–সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।