রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত ছয় মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। তিনি শিশুটির চিকিৎসা, পরিবারের সার্বিক খোঁজখবর এবং বিষয়টির তদারকির দায়িত্ব দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-কে।
আজ বুধবার মুক্তকণ্ঠে ‘হামে ৬ মাসের শিশুর অবস্থা গুরুতর, মায়ের কাছে টাকা নেই, জানেন না কী করবেন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন জুবাইদা রহমানের নজরে আসে।
জুবাইদা জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডিরেক্টরস কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সুরভি’র অন্যতম সংগঠক জুবাইদা রহমান।
গতকাল মঙ্গলবার কেরানীগঞ্জ থেকে নূর নাহারকে নিয়ে হাসপাতালে আসেন তার মা স্বর্ণা আক্তার। তিন দিন ধরে তীব্র জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিল মেয়ে। হাসপাতালে নেওয়ার পরামর্শ পেলেও স্বর্ণার স্বামী রাজি হয়নি। তাই প্রতিবেশীর কাছ থেকে ৫০০ টাকা নিয়ে স্বর্ণা হাসপাতালে চলে আসেন।
দুই সপ্তাহ আগে স্বর্ণা নূর নাহারকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। চিকিৎসকেরা জানান, শিশুটির নিউমোনিয়া হয়েছে। সেখানে চার দিন থেকে টাকার অভাবে হাসপাতাল ছেড়ে কেরানীগঞ্জে ফিরে যান তারা।
আজ বিকেল সাড়ে পাঁচটায় মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্বর্ণা আক্তারের সঙ্গে যোগাযোগ করে। তারা শিশুর চিকিৎসার খোঁজখবর নেয় এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেয়। প্রতিনিধিদল অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় এবং শিশুর উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানায়।
এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, আবদুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহান প্রমুখ।
হাসপাতালে ভর্তি শিশুটির আজ কিছুটা উন্নতি হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। হাসপাতালের শিশু কনসালট্যান্ট এ আর এম সাখাওয়াত হোসেন বলেন, “শিশুটির হাম হয়েছে আরও ৯ দিন আগে। আমাদের কাছে গুরুতর অবস্থায় এসেছে গতকাল। হাম হওয়ার পর তার নিউমোনিয়াও হয়েছে। এর সঙ্গে যত্নের অভাবে তার ওজন কমে গেছে। এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে আমরা তার সার্বক্ষণিক সেবা নিশ্চিত করছি। চিকিৎসা চলতে থাকলে আশা করি স্বাস্থ্যের উন্নতি হবে।”
হাসপাতালের কর্তব্যরত নার্সরা জানান, গতকাল নূর নাহার চোখ মেলতে পারছিল না। চিকিৎসা দেওয়ার পর আজ তার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে। সে চোখ মেলতে পারছে এবং খাবার খেতে পারছে।
গতকাল সন্তানের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন ছিলেন স্বর্ণা আক্তার। আজ সহযোগিতা পেয়ে তাঁর মুখে হাসি ফুটেছে। ‘আমরা বিএনপি পরিবার’-এর সহযোগিতা পেয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে ধন্যবাদ জানান। স্বর্ণা আক্তার জানান, মুক্তকণ্ঠে সংবাদ প্রকাশের পর আজ সকাল থেকে বেশ কিছু আর্থিক সহযোগিতাও পেয়েছেন তিনি।






