দেশের পাঠকপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনীর সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আজ বুধবার প্রতিষ্ঠানের মালিকপক্ষের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
সেবা প্রকাশনীর অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সেবা প্রকাশনীতে অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম–দুর্নীতির বিষয়টি সম্প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায় অডিট কার্যক্রম নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সেবা প্রকাশনীর সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।’
২০২২ সালের ১৯ জানুয়ারি প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের মৃত্যুর পর থেকে এই ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থায় কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
কাজী শাহানূর হোসেনের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়ে যোগাযোগ করতে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে তাঁর ছোট ভাই কাজী মাইমুর হোসেনের স্ত্রী ও সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মাইমুরের সঙ্গে কথা হয়। তিনি মুক্তকণ্ঠকে বলেন, পারিবারিকভাবে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পেছনে কোনো পারিবারিক দ্বন্দ্ব বা সংঘাত নেই।
কাজী আনোয়ার হোসেনের মৃত্যুর পর তাঁর দুই ছেলে কাজী শাহানূর হোসেন ও কাজী মাইমুর হোসেন সমান অংশীদার হিসেবে প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছেন। তিনি জীবদ্দশায়ই মাসুমা মাইমুরকে উপদেষ্টা নিয়োগ করেছিলেন।
মাসুমা মাইমুর জানান, কাজী মাইমুর হোসেন অসুস্থ রয়েছেন। বড় ভাই কাজী শাহানূর হোসেন সহজ-সরল মানুষ। তাঁর অগোচরে প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা-কর্মচারী অনিয়ম ও দুর্নীতিতে লিপ্ত ছিলেন। ছয় মাস ধরে গোপনে তদন্ত করে তিনি দেখেন, বাংলাবাজারের বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে বই বিক্রির আয় জমা করা হচ্ছে না, কৌশলে সরিয়ে ফেলা হচ্ছে। এছাড়া অনিয়মের জন্য সম্প্রতি নেওয়া প্রকল্পগুলো ব্যর্থ হচ্ছিল। এসব জানার পর পারিবারিক আলোচনায় তারা কার্যক্রম সাময়িক স্থগিত করে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।
ইতিমধ্যে রমনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে মাসুমা মাইমুর জানান। অডিটের উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত এটি শুরু হবে। সব কাজ শেষে সেবা প্রকাশনী নতুন করে কার্যক্রম গাড়বে। এই সংকটের সময় পাঠকদের সঙ্গে থাকার অনুরোধ তিনি জানিয়েছেন।






