জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘস্থায়ী পরিবহনসংকট দূর করতে প্রশাসন নতুন পদক্ষেপ নিয়েছে। নারায়ণগঞ্জ, মিরপুর ও আবদুল্লাহপুরসহ চারটি রুটে বিআরটিসির নতুন চারটি বাস যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী সংখ্যা বেড়ে যাওয়ায় সংকট আরও গভীর হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক এ নিয়ে নিশ্চিত করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে উপাচার্যের সহযোগিতা এবং জকসুর পরিবহন সম্পাদকের দাবির পরিপ্রেক্ষিতে চারটি রুটে বিআরটিসির নতুন ডাবল ডেকার বাস দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।” শিক্ষার্থীদের চাপ বেশি রুটগুলোতে অগ্রাধিকার দিয়ে খুব শিগগিরই বাস চালু হবে। এছাড়া অন্যান্য রুটেও যেখানে শিক্ষার্থী বেশি, সেখানে নতুন বাস চালুর চেষ্টা চলছে।
জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খান বলেন, “বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই বাসের সংকট রয়েছে। নতুন ব্যাচের ক্লাস শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।” প্রশাসনের কাছে আটটি নতুন বাসের দাবি ছিল, তবে আপাতত চারটি বাসের ব্যবস্থা হয়েছে। পর্যায়ক্রমে আরও বাস যুক্তের পরিকল্পনা আছে। পাশাপাশি অচল ও নষ্ট বাস মেরামতের কাজ চলছে, যা সচল হলে সংকট অনেকটা কমবে।
বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রুটে মোট ৫৬টি বাস রয়েছে। সকাল ও বিকেলের শিফটে সব বাস একসঙ্গে চলে। এছাড়া শাটল বাসগুলো বেলা ১১টা, বেলা দেড়টা এবং বন্ধের দিনগুলোতে রাত নয়টায় চলাচল করে।






