ভারতে মুসলিমদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বুধবার দুপুরে জেলা শহরের মঠের গোড়া থেকে কাউতলী পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করে।
কর্মসূচির আগে মঠের গোড়ার পশ্চিমে অবস্থিত জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে হেফাজতের নেতা-কর্মীরা জড়ো হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের টিএ রোড, কালীবাড়ি মোড়, মৌড়াইলসহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী এলাকায় পৌঁছে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
হেফাজতের জেলার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমীর সভাপতিত্বে এবং মুফতি জাকারিয়া খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাজিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত হয়ে বক্তব্য দেন হেফাজতের জেলা সভাপতি ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোবারকউল্লাহ, জেলা সহসভাপতি মুফতি শামসুল হক, পৌর সভাপতি মুফতি মারুফ কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা তানভীরুল হক সিরাজী, জেলার প্রচার সম্পাদক মুফতি উবাদুল্লাহ মাদানী, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা জুনাইদ কাসেমীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম নিধন, হামলা, নির্যাতন ও ধর্মীয় নিপীড়ন চলছে। প্রকাশ্যে মুসলিম নারীদের শ্লীলতাহানি ও পুরুষদের অত্যাচার করছে উগ্রপন্থী হিন্দুরা। এমনকি তারা মসজিদে নামাজরত মুসলিমদের ওপর আক্রমণ করছে। তাঁরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে ভারত সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।






