কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়া গ্রামে প্রেমিকাকে বিয়ে করতে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন বগুড়ার এক তরুণ। প্রেমিকাকে না পেয়ে তাঁর বাড়ির পাশের একটি বাগানে বিষপান করেন ইলিয়াস সরদার। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ইলিয়াস সরদার বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিচ্চুনপুর গ্রামের আশরাফ সরদারের ছেলে। তাঁর সঙ্গে কথা বলে জানা গেছে, টিকটকে ভিডিও দেখে প্রথমে তরুণ-তরুণীর মধ্যে ভালোলাগা তৈরি হয়। এরপর ফেসবুকে তাঁদের পরিচয় এবং কথোপকথনের মাধ্যমে প্রেম। গত সোমবার প্রেমিকার সঙ্গে দেখা ও বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায় আসেন তিনি। প্রেমিকার বাড়িতে অনশন শুরু করলে পরিবার শর্ত দেয়, ছেলের বাবা-মা আসতে হবে। পরিবারকে জানানোর পর তাঁকে বকাঝকা করা হয়। সন্ধ্যায় মেয়ের বাড়ির পাশের মেহগনিবাগানে গিয়ে বিষপান করেন ইলিয়াস।

ইলিয়াস সরদার বলেন, ‘আমরা রাজি, কিন্তু আমার পরিবার থেকে কেউ আসেনি, তাই বিয়ে হয়নি। আমার বাবা-মা আমাকে বকাবকি করায় আমি আত্মহত্যার চেষ্টা করেছি।’

ঘটনার পর কোনো পরিবারের লোকই তাঁর খোঁজ নিচ্ছে না। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা পীযূষ কুমার সাহা বলেন, গত সোমবার রাতে ইলিয়াস নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। হাসপাতালে চিকিৎসা চলছে। আজ বুধবার সকাল পর্যন্ত ওই তরুণের পরিবারের কেউ আসেননি।