জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাতের অন্ধকারে এক ছাত্রীকে সড়ক থেকে টেনে ঝোপে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ভুক্তভোগীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাত একজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। এছাড়া সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠন বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "অভিযোগের পরিপ্রেক্ষিতে হত্যাচেষ্টা ও ধর্ষণচেষ্টার মামলা রুজু হয়েছে। মামলাটি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি ইউনিট কাজ করছে। অতি দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে তাঁরা আশাবাদী।"

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে ভুক্তভোগী ক্যাম্পাসের ভেতরে একটি সড়ক দিয়ে যাচ্ছিলেন। অভিযুক্ত তাঁর পিছু নেয়। পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন সড়কে পৌঁছলে অভিযুক্ত কাছে এসে ছাত্রীকে ক্যাম্পাসের লোক কি না জিজ্ঞাসা করেন। উত্তরে সে জানায়, সে ক্যাম্পাসের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং পাশের বিশমাইল এলাকায় থাকে। এরপর ভুক্তভোগীর গলায় জাল পেঁচিয়ে অন্ধকার ঝোপে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। কোনোমতে ছাত্রী বেরিয়ে সড়কে আসেন। সড়কে চলাচলকারী কয়েকজন তাকে উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ দেখে একজনকে চেনা যায় কিন্তু পরিচয় নিশ্চিত হয়নি।

ডেপুটি রেজিস্ট্রার জেফরুল হাসান চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, "গতকাল রাতের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করেছেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন ব্যক্তি শিক্ষার্থীর গলায় জালের মতো একটি বস্তু পেঁচিয়ে তাঁকে ঝোপঝাড়ে টেনে নিয়ে যান। ফুটেজের ভিত্তিতে তাঁরা প্রাথমিকভাবে সন্দেহভাজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছেন। তবে তাঁর পরিচয় এখনো জানা যায়নি।"

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্ররা ক্ষোভ প্রকাশ করেছে। আজ বিকেলে ছাত্রশিবির মানববন্ধন, রাতে নারী শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ মিছিল এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জাকসু) পক্ষ থেকে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবে।

জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "ক্যাম্পাসের ভেতরে একটি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। ঘটনার শুরু থেকেই জাকসু নেতারা উপস্থিত ছিলেন, যাতে ভুক্তভোগী ন্যায়বিচার পান। আইনশৃঙ্খলা বাহিনীকেও জাকসু সহায়তা করছে। আজ সব সংগঠনকে নিয়ে জাকসুর পক্ষ থেকে ঘটনার বিচারের দাবিতে একসঙ্গে আন্দোলন করার চেষ্টা ছিল। কিন্তু ছাত্রদল ও প্রগতিশীল ছাত্র সংগঠন সাড়া না দেওয়ায় সম্ভব হয়নি। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তাব্যবস্থার একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের দাবিতে কাল রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে।"