হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন-সেবা চালু করছে, যাতে ব্যবহারকারীরা হালনাগাদ প্রযুক্তির বিভিন্ন সুবিধা পেতে পারেন। ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামক এই সেবায় সাধারণ ব্যবহারকারীদের তুলনায় একাধিক প্রিমিয়াম সুবিধা পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপের সুবিধা নিয়ে কাজকরা প্রতিষ্ঠান ডব্লিউ এ বেটা ইনফো জানিয়েছে, প্রথমে নির্দিষ্ট আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ প্লাস ব্যবহার করতে পারবেন। সবকিছু ঠিকঠাক চললে অল্পদিনের মধ্যেই সেবাটি আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে।
হোয়াটসঅ্যাপ প্লাস হলো এই অ্যাপের নতুন প্রিমিয়াম সেবা। এর মাধ্যমে প্রচলিত সুবিধার বাইরে অতিরিক্ত সুবিধা ব্যবহার করা যাবে এবং নতুন ফিচার যুক্ত হলে সবার আগে সেগুলো পেতে পারবেন সাবস্ক্রাইবাররা। অর্থ দিয়ে অতিরিক্ত সুবিধা পাওয়া গেলেও অ্যাপের মূল সেবায় কোনো পরিবর্তন হবে না। ফলে অন্যরা আগের মতোই বিনামূল্যে বার্তা আদান-প্রদান ও ফোনকল করতে পারবেন।
ডব্লিউ এ বেটা ইনফোর তথ্য অনুসারে, এই সাবস্ক্রিপশনের আওতায় বিশেষ স্টিকার, রিংটোন, থিম, ওয়ালপেপার এবং অ্যাপের আইকন নিজের পছন্দমতো কাস্টমাইজ করা যাবে। শুরুতে ইউরোপে চালু হবে এই সেবা, যার জন্য প্রতি মাসে আড়াই পাউন্ড বা ৩৬০ টাকা দিতে হবে।
সূত্র: ম্যাশেবল, নাইনটুফাইভম্যাক






