কাতারের অভিজ্ঞ ফরোয়ার্ড সেবাস্তিয়ান সোরিয়া বিশ্বকাপে ৩২ বছরের পুরোনো রেকর্ড ভাঙার সুযোগের অপেক্ষায় রয়েছেন। ৪২ বছর বয়সী এই ফুটবলারকে কাতার কোচ হুলেন লোপেতেগি বিশ্বকাপের ৩৪ সদস্যের প্রাথমিক দলে নিয়েছেন। চূড়ান্ত ২৬ সদস্যের দলে স্থান পেলে তিনি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ড গড়তে পারবেন।

চূড়ান্ত দলে জায়গা পেয়ে বিশ্বকাপে মাঠে নামলে সোরিয়া পেছনে ফেলবেন ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার রজার মিলার রেকর্ড। ১৯৯৪ বিশ্বকাপে ক্যামেরুনের হয়ে শেষ ম্যাচে ২৮ জুন রাশিয়ার বিপক্ষে মাঠে নামার সময় মিলার বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন।

উরুগুয়েতে জন্মগ্রহণকারী সোরিয়ার বর্তমান বয়স ৪২ বছর ১৮৬ দিন (১৩ মে ২০২৬ পর্যন্ত)। বিশ্বকাপে খেলার সুযোগ পেলে তিনি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় হয়ে রেকর্ড গড়বেন।

সোরিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার ২০১৭ সালের পর প্রায় শেষ হয়ে যায়। ২০২২ বিশ্বকাপেও তাঁকে দলে নেওয়া হয়নি। তবে গত অক্টোবরে আবার জাতীয় দলে ফিরে কাতারের গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই ম্যাচে খেলেন। সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ গোলের জয়ে অবদান রাখেন। ম্যাচের পর এক ইনস্টাগ্রাম পোস্টে সোরিয়া লিখেছিলেন, “আল আনাবি (কাতারের অন্য নাম, যার অর্থ মেরুন) জার্সি আবার পরতে পেরে এবং এই সুন্দর দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।” ২০০৪ সালে কাতারের লিগে খেলা শুরু করেন সোরিয়া এবং ২০০৭ সালে জাতীয় দলে অভিষেক হয়।

সব পজিশন মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় মিসরের সাবেক গোলকিপার এসাম এল হাদারি। ২০১৮ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ম্যাচে খেলার সময় তাঁর বয়স ছিল ৪৫ বছর ১৬১ দিন।

কাতার আগামী ১৩ জুন সান ফ্রান্সিসকোতে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ১৯ জুন ভ্যাঙ্কুভারে স্বাগতিক কানাডার বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ জুন তাদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।