পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঝারবাড়ী এলাকায় ইজিবাইক চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম আবদুস সালাম (৩২)।

সালাম ঝারবাড়ী এলাকার দিনমজুর শমসের আলীর ছেলে। তিনি বিবাহিত এবং তাঁর দুই ছেলে ও এক মেয়ে আছে।

দেবনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম পরিবার ও স্থানীয় একাধিক বাসিন্দার বরাত দিয়ে বলেন, সারা দিন ইজিবাইক চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে ফিরে আসেন আবদুস সালাম। ঘরে ঢোকার আগে তিনি ইজিবাইকটি চার্জে লাগাচ্ছিলেন। এ সময় চিৎকার শুনে তাঁর মা রনজিনা বেগম বাইরে এসে দেখেন, সালাম অচেতন হয়ে পড়ে আছেন। পরে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সালামকে মৃত ঘোষণা করেন।

আশরাফুল ইসলাম বলেন, বৃদ্ধ বাবা–মায়ের সংসারে সালামই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ছোট তিন সন্তান রেখে তাঁর এমন মৃত্যুতে পরিবারটি দিশাহারা হয়ে পড়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মো. মোকলেছুর রহমান জানান, আবদুস সালামকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।