ইসলামী ব্যাংক বাংলাদেশ চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) উল্লেখযোগ্য লোকসানের সম্মুখীন হয়েছে। এই সময়ে ব্যাংকটির লোকসান হয়েছে প্রায় ২৮৮ কোটি টাকা।

আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্যাংকটি এই আর্থিক চিত্র প্রকাশ করেছে। গত বছরের প্রথম প্রান্তিকে তারা মুনাফায় ছিল, কিন্তু এবার লোকসানে চলে গেছে। শেয়ারপ্রতি আয়ও (ইপিএস) নেতিবাচক হয়েছে।

ইসলামী ব্যাংকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে সমন্বিত শেয়ারপ্রতি আয় ১ টাকা ৭৯ পয়সা ঋণাত্মক (লোকসান) হয়েছে। গত বছরের (২০২৫) একই সময়ে শেয়ারপ্রতি আয় (মুনাফা) ছিল ১৮ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে ১ টাকা ৯৭ পয়সা।

ইসলামী ব্যাংক জানিয়েছে, আমানতের বিপরীতে মুনাফা দেওয়ার পরিমাণ ও খেলাপি ঋণ বেড়ে গেছে। এ ছাড়া অন্য প্রতিষ্ঠানে টাকা খাটিয়ে সেখান থেকেও আশানুরূপ মুনাফা করতে পারেনি তারা। সব মিলিয়ে এই বড় লোকসান।

পুঁজিবাজারে ইসলামী ব্যাংকের মোট শেয়ার ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি। এই হিসাবে প্রথম তিন মাসের মোট লোকসান দাঁড়িয়েছে প্রায় ২৮৮ কোটি ১৮ লাখ টাকা।

মুনাফায় ধস নামলেও শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ১৬ টাকা ১৬ পয়সা নগদ ঘাটতি ছিল, এবার তা ইতিবাচক হয়ে ১ টাকা ৩৫ পয়সা। ব্যাংকটি জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে নতুন ঋণ বিতরণ কমে যাওয়ায় নগদ প্রবাহের এই উন্নতি হয়েছে।

তবে বড় লোকসানের কারণে ব্যাংকের মূল সম্পদে নেতিবাচক প্রভাব পড়েছে। ২০২৫ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদ ছিল ৪৪ টাকা ৩১ পয়সা, ২০২৬ সালের একই সময়ে কমে ৪২ টাকা ৫৬ পয়সায় দাঁড়িয়েছে।

আর্থিক প্রতিবেদনের সঙ্গে ডিএসইতে ব্যাংকটি ৪৩তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তনের তথ্য দিয়েছে। আগামী ২৫ জুনের পরিবর্তে ২৮ জুন সকাল ১০টায় ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে এই সভা অনুষ্ঠিত হবে।

বড় লোকসানের খবর প্রকাশিত হলেও আজ বাজারে ইসলামী ব্যাংকের শেয়ারমূল্য অপরিবর্তিত। দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত শেয়ার ৩২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে, আগের দিনের সমান। বর্তমানে ব্যাংকের মোট বাজার মূলধন ৫২ হাজার ৪৮৫ কোটি ৬৯ লাখ টাকা। সর্বশেষ এজিএম হয়েছিল ২০২৫ সালের ১১ ডিসেম্বর। তখন (২০২৪ সমাপ্ত বছরের জন্য) এবং তার আগের কয়েক বছর (২০১৬-২০২৩) টানা ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে।