চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকা এলাকায় উড়ালসড়কের রেলিং থেকে এক যুবকের ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে। নিহতের নাম কাউসার আহমেদ। গত সোমবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

কাউসার একটি রড উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্ক্র্যাপ মালামালবাহী গাড়ি পাহারা দিতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে তাকে নিষিদ্ধ ছাত্রলীগের আকবর শাহ থানার মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বলে দাবি করা হয়েছে। এসব পোস্টে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলেও উল্লেখ আছে। তবে পুলিশ জানায়, কাউসার রাজনীতিতে সক্রিয় ছিলেন, এমন কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারও বলেছে, তিনি রাজনীতিতে কোনো সম্পৃক্ততা ছিলেন না।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার মুক্তকণ্ঠকে জানান, নিহত যুবক একটি প্রতিষ্ঠানের অস্থায়ী নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধরে নিচ্ছে।

ওসি আরও বলেন, কাউসারের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাঁর মা পারভীন আক্তার পুলিশকে জানিয়েছেন, কাউসার রাজনীতিতে যুক্ত ছিলেন না। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের পর গতকাল মঙ্গলবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।