রাঙামাটির বিলাইছড়িতে হলুদবোঝাই একটি জিপ উল্টে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় জিপের চালকও গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ফারুয়া ইউনিয়নের লতা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতটি মো. সালাম (৬০)। তিনি রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক মো. বেলাল (৩৮)। তিনি রাজস্থলীর মুন্সিপাড়া গ্রামের মো. কবির হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, লতা পাহাড়ের ঢালু সড়ক বেয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জিপটি সড়কের ওপর উল্টে যায়। এতে গাড়িতে থাকা সালাম ও বেলাল গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের রাত ৯টার দিকে উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. সালামকে মৃত ঘোষণা করেন। আহত বেলালকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন দুর্ঘটনার বিষয়টি মুক্তকণ্ঠকে নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।






