দেশের বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক ২০২৬ হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নিট মুনাফায় বড় লাফ দিয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা বেড়েছে ১৭৫ কোটি ২০ লাখ টাকা।

আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্যাংকটি এই আর্থিক চিত্র প্রকাশ করেছে। ব্যাংকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯০ পয়সা। গত বছরের (২০২৫) একই সময়ে এটি ছিল ২ টাকা ২ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ৮৮ পয়সা বা ৪৩ দশমিক ৫ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, পুঁজিবাজারে ব্র্যাক ব্যাংকের মোট শেয়ার ১৯৯ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭টি। এর বিপরীতে গত বছরের তুলনায় মোট নিট মুনাফা বেড়েছে ১৭৫ কোটি ২০ লাখ ১৫ হাজার ২৭ টাকা। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত বিনিয়োগ ও সুদ থেকে আয় বাড়ার কারণে নিট মুনাফায় এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

মুনাফায় লাফ দিলেও এই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ কমেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৩ টাকা ৪৮ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে এটি ছিল ৪৮ টাকা ৩৫ পয়সা। তবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বা এনএভিপিএস বেড়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে এটি ছিল ৫১ টাকা ৫৬ পয়সা, চলতি বছরের মার্চ শেষে বেড়ে ৫৬ টাকা ১২ পয়সায় পৌঁছেছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আমানত ফেরত দেওয়া এবং ঋণের অর্থ পরিশোধের চাপের কারণে নগদ প্রবাহ কমেছে। এছাড়া সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ থেকে মুনাফা ও সামগ্রিক নিট মুনাফা বৃদ্ধির ফলে রিজার্ভ বা সম্পদমূল্য বেড়েছে।

মুনাফা বৃদ্ধির খবর প্রকাশের পর আজ বেলা ১১টা ২৫ মিনিট পর্যন্ত ডিএসইতে ব্র্যাক ব্যাংকের শেয়ার দর গতকালের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ২.৫ শতাংশ বেড়েছে। এ সময় সর্বশেষ লেনদেন হয়েছে ৭৩ টাকা ৭০ পয়সায়। গত ৫২ সপ্তাহে শেয়ারের দর সর্বনিম্ন ৪৫ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৮৯ টাকা ৬০ পয়সার মধ্যে ছিল। বর্তমানে ব্যাংকের মোট বাজার মূলধন ১৪ হাজার ৩১৪ কোটি টাকার বেশি।

ব্র্যাক ব্যাংক নিয়মিত লভ্যাংশ দিয়ে আসছে। সর্বশেষ ২০২৪ সমাপ্ত হিসাববছরে শেয়ারধারীদের জন্য ১২.৫ শতাংশ নগদ এবং ১২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। এর আগে ২০২৩ সালে মোট ২০ শতাংশ (১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস) লভ্যাংশ দিয়েছিল।