মুক্তকণ্ঠ ট্রাস্টের নিয়মিত আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভায় বলা হয়েছে, দেশের সামাজিক অপরাধের প্রায় ৮০ শতাংশের মূলে রয়েছে মাদক। এই সভা ২০২৩ সালের ০৯ মে ময়মনসিংহ নগরের রয়েল মিডিয়া কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পরামর্শ দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. খোরশেদ আলম এবং পরিদর্শক মো. কবীরুল হাসান।

সভায় তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা জাগানোর জন্য বিশেষ নির্দেশনা দেন উপপরিচালক মো. খোরশেদ আলম। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “বর্তমানে সংঘটিত হওয়া সামাজিক অপরাধগুলোর প্রায় ৮০ শতাংশই ঘটছে মাদকের প্রভাবে।”

তাঁর বক্তব্যে তিনি আরও বলেন, “কম বয়সে শিক্ষার্থীরা নানামুখী প্রলোভনের সম্মুখীন হয়। বিশেষ করে এক শ্রেণির মানুষ সুকৌশলে তরুণদের অন্ধকারের পথে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বন্ধু-বান্ধবের প্ররোচনায় অনেকেই মাদকের নেশায় জড়িয়ে পড়ে, যা জীবনের অপূরণীয় ক্ষতি ডেকে আনে। সুতরাং আমাদের সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে।”