যোগ করা সময়ের ৯ মিনিটে খেলার শেষ কয়েক সেকেন্ড চলছিল। ঠিক তখন আল হিলাল আল নাসরের অর্ধেকে থ্রো-ইন পায়। দূরত্ব এতটাই ছিল যে আল হিলালের খেলোয়াড়-সমর্থকরা হয়তো গোলের কথা স্বপ্নেও ভাবেনি। অন্যদিকে আল নাসর শিবির তখন শিরোপা উৎসবের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে উঠেছে।
এই সংকটকালীন মুহূর্তে আল হিলালের তারকা মিলাঙ্কোভিচ-সাভিচ থ্রো-ইন দেন। কিন্তু আল নাসরের ব্রাজিলিয়ান গোলকিপার বেন্তো অবিশ্বাস্যভাবে বলটা ধরতে ব্যর্থ হন! সতীর্থ ইনিগো মার্তিনেজের ধাক্কায় হাত ফসকে বল জালে জড়িয়ে যায়। নিশ্চিত জয়ের দিকে এগোচ্ছিল ম্যাচটা, কিন্তু আত্মঘাতী গোলের কারণে ১-১ গোলে ড্র হয়। এর আগে ৩৭ মিনিটে আল নাসরের হয়ে মোহাম্মদ সিমাকান গোল করেন।
এই ড্র-এর ফলে আল নাসরের শিরোপা উৎসব পিছিয়ে যায়। ৮৩ মিনিটে মাঠ ছেড়ে যাওয়া আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো যেন এভাবে শিরোপা হাতছাড়া করতে পারছিলেন না। চোখ-মুখে হতাশা, বিষণ্নতা আর অবিশ্বাস নিয়ে বেঞ্চে বসে ছিলেন তিনি। এমনকি টানেল দিয়ে চলে যাওয়ার সময়ও পর্তুগিজ কিংবদন্তি নিজের হতাশা প্রকাশ করেন।
সৌদি আরবে প্রথম লিগ শিরোপা এভাবে ঝুলে যাওয়া রোনালদো মানতেই পারছিলেন না। অন্যদিকে এই ড্র আল হিলালের শিরোপা জয়ের আশা বহাল রাখল।
৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর। এক ম্যাচ বেশি খেলে আল হিলালের চেয়ে তারা ৫ পয়েন্ট এগিয়ে। ২০ মে দামাককে হারালেই আল নাসর লিগ জয় নিশ্চিত করবে। তার আগে ১৬ মে নিওমের বিপক্ষে আল হিলাল জিততে না পারলেও শিরোপা আল নাসরের হয়ে যাবে।
এছাড়া আরও একটি শিরোপা জয়ের সুযোগ আছে আল নাসরের। ১৬ মে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টুর ফাইনালে তাদের প্রতিপক্ষ গাম্বা ওসাকা। আল হিলাল যদি নিওমের কাছে পয়েন্ট হারায় এবং আল নাসর গাম্বা ওসাকাকে হারাতে পারে, তবে এক দিনেই দুই শিরোপা জেতার সুযোগ রোনালদোর।
গতকাল রাতে শেষ মুহূর্তের গোলে হতাশায় ভেঙে পড়লেও ম্যাচ শেষে সবাইকে মাথা উঁচু রাখতে বলেছেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, “স্বপ্ন এখন খুব কাছেই। মাথা উঁচু রাখো, আমাদের সামনে আর মাত্র এক ধাপ! আজ রাতে দারুণ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।”






