২০২৬ সালের স্ট্রিমিং জগতে নতুন গল্পের প্রতিযোগিতা, চমক এবং প্রত্যাবর্তনের ঝড় উঠেছে। বছরের প্রথম চার মাসেই একাধিক সিরিজ দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে উঠেছে। গার্ডিয়ান এই সময়ের সেরা ৫০টি সিরিজ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে এসব সিরিজ। কারো গল্প বলার অভিনবত্ব, কারো অভিনয় ও নির্মাণশৈলী দর্শককে মুগ্ধ করেছে। অপরাধ থেকে রাজনীতি, বৈজ্ঞানিক কল্পকাহিনি, পারিবারিক নাটক এবং ব্যঙ্গাত্মক কমেডি—বিভিন্ন ধরনের এসব সিরিজ ছোটপর্দার গল্প বলার অসাধারণ শক্তি প্রমাণ করেছে। তার উদাহরণ এই বছরের প্রথম চার মাসের সবচেয়ে আলোচিত সাত সিরিজ। এগুলোতে কী আছে?
১. ‘দ্য পিট’ (এইচবিও ম্যাক্স)
‘দ্য পিট’-এর দ্বিতীয় মৌসুম নিয়ে দর্শকদের উৎসাহ ছিল তুঙ্গে। প্রথম মৌসুমেই এটি দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়ে ২০২৫-এর অন্যতম আলোচিত সিরিজ হয়ে ওঠে। ২০২৬-এর সেরা সিরিজের সম্ভাব্য তালিকায়ও এর জায়গা হয়েছে। জানুয়ারির ৮ তারিখে এইচবিও ম্যাক্সে এটি প্রচারিত হয়। গল্প একটি ব্যস্ত হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে। তারা প্রতিদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রোগীদের চিকিৎসা করে কঠিন সিদ্ধান্ত নেয় এবং ব্যক্তিগত জীবন ও মানসিক চাপের সঙ্গে লড়াই করে। বাস্তবধর্মী উপস্থাপনা, টানটান পরিস্থিতি এবং চরিত্রগুলোর মানবিক সম্পর্ক এর প্রধান আকর্ষণ।
২. ‘ইন্ডাস্ট্রি’ (এইচবিও)
লন্ডনের এক প্রভাবশালী বিনিয়োগ ব্যাংকের তরুণ ব্যাংকারদের ঘিরে এগোয় সিরিজের গল্প। কর্মকর্তাদের উচ্চাকাঙ্ক্ষা, প্রতিযোগিতা, অর্থ, ক্ষমতা ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দিয়ে তারা করপোরেট জগতে টিকে থাকার লড়াই করে। ২০২০ সালে প্রথম প্রচার শুরু হয় এটি। এবছর জানুয়ারির ১১ তারিখে চতুর্থ মৌসুম প্রচার শুরু হয়। নতুন মৌসুমে ক্ষমতার দ্বন্দ্ব, নৈতিক সংকট ও ব্যক্তিগত সম্পর্ক আরও জটিল হয়েছে, যা দর্শকরা পছন্দ করেছেন।
৩. ‘হাউ টু গেট টু হ্যাভেন ফ্রম বেলফাস্ট’ (নেটফ্লিক্স)
ডার্ক কমেডি ও রহস্যের মিশেলে গড়া এই সিরিজ ফেব্রুয়ারির ১২ তারিখে প্রচারের পর আলোচিত হয়। একই ধরনের গল্প থেকে এটি দর্শকদের ভিন্ন জগতে নিয়ে যায়। তিন ঘনিষ্ঠ বন্ধুকে কেন্দ্র করে আবর্তিত গল্পটি তাদের শৈশবের এক বন্ধুর মৃত্যুকে সন্দেহ করে তদন্ত শুরু করে। ধীরে ধীরে তারা রহস্যময় পরিস্থিতির মুখোমুখি হয়, যেখানে বন্ধুত্ব, অতীত ও সত্যের সীমা মিশে যায়। এটি এবছরের নেটফ্লিক্সের আলোচিত সিরিজগুলোর একটি।
৪. ‘দ্য ট্রেইটরস ইউকে’ (পিকক)
‘দ্য ট্রেইটরস’ ইউকে এবছর নতুন করে আলোচনায় এসেছে। চতুর্থ মৌসুম ফেব্রুয়ারির ২৬ তারিখে মুক্তি পায়। দর্শকদের জন্য এবারের গল্প নতুন ও টুইস্টে ভরা। এটি গেমভিত্তিক সামাজিক প্রতিযোগিতা। একদল প্রতিযোগী নির্জন প্রাসাদে জড়ো হয়, যেখানে কিছু বিশ্বাসঘাতক গোপনে ওত পাতে। অন্যরা তাদের শনাক্ত করার চেষ্টা করে। সন্দেহ ও বাদ দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়। আগের মৌসুম গতি হারালেও চতুর্থটি আরও জটিল, কৌশলনির্ভর ও নাটকীয় হয়েছে, যা দর্শকদের উত্তেজনা দেয়।
৫. ‘আউটল্যান্ডার’ (স্টারজেড)
অষ্টম ও শেষ মৌসুম নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল বেশি, যা পূরণ হয়েছে। আবেগঘন সমাপ্তি এনেছে এই টাইম-ট্রাভেল ও রোমান্সভিত্তিক সিরিজ। গল্প ক্লেয়ার র্যান্ডালকে কেন্দ্র করে, যিনি রহস্যজনকভাবে অতীতে গিয়ে জেমি ফ্রেজারের সঙ্গে প্রেম ও সংগ্রাম শুরু করেন। ইতিহাস, যুদ্ধ, প্রেম ও সময়ভ্রমণের মিশ্রণে শেষ মৌসুমে তাদের পরিবারের ভবিষ্যৎ, উত্তরাধিকার ও সময়ের জটিলতা গভীরভাবে দেখানো হয়েছে। ৬ মার্চ এটি প্রচারিত হয়।
৬. ‘ফর অল ম্যানকাইন্ড’ (অ্যাপল টিভি)
পঞ্চম মৌসুমে অ্যাপল টিভি+ এর এই বিকল্প ইতিহাসভিত্তিক মহাকাশ দৌড়ের সিরিজ আলোচিত হয়েছে। মানবসভ্যতার ভবিষ্যৎ পৃথিবী-মঙ্গলের উত্তেজনার ওপর নির্ভরশীল। সোভিয়েত ইউনিয়ন চাঁদে প্রথম পৌঁছে যায়, ফলে মহাকাশ প্রতিযোগিতা চাঁদ পেরিয়ে মঙ্গল পর্যন্ত বিস্তৃত হয়। পঞ্চম মৌসুমে সম্পদ, রাজনীতি ও মানবিক সম্পর্কের সংঘর্ষ নতুন মাত্রা পায়। মার্চের ২৭ তারিখে এটি প্রচারিত হয়।
৭. ‘হ্যাকস’ (এইচবিও)
‘হ্যাকস’-এর পঞ্চম ও শেষ মৌসুম নিয়ে আলোচনা শেষ হয়। গত এপ্রিলের ৯ তারিখে শেষ সিজন প্রচারিত হয়। সমালোচকদের মতে, শেষ পর্ব চমকপ্রদ ও গল্পের সঙ্গে মানানসই, যা সিরিজের সফলতাকে পূর্ণতা দেয়। লাস ভেগাসের কিংবদন্তি কমেডিয়ান ও তরুণ লেখকের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে এটি। বয়স, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির সংঘর্ষ থেকে জটিল পেশাগত-ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। শেষ মৌসুমে সম্পর্কের পরিণতি ও শোবিজের বাস্তবতা গভীরভাবে উঠে আসে।
সূত্র: টিভিগাইড ডট কম






