ঈদের ছবি ‘রকস্টার’–এর প্রথম গান ‘পিরিতি’ মুক্তি পেয়েছে। অ্যানিমেটেড ও ভিডিও টিজারের পর এই গানটি পূর্বঘোষণা অনুযায়ী সন্ধ্যা সাতটার দিকে প্রকাশ হয়। সম্পূর্ণ গানটি চিত্রায়িত হয়েছে কারাগারে। গান প্রকাশের সময় ক্যাপশনে লেখা হয়েছে, ‘প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালবাসার গল্পেরা…।’ এতে শাকিব খানকে বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে জেলে। তবে তিনি কেন জেলে গেলেন, তা প্রকাশ করা হয়নি।

‘পিরিতি’ গানের কথা লিখেছেন হাসান রোবায়েত, সুর দিয়েছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানে গায়কের পাশাপাশি পর্দায়ও দেখা গেছে পান্থ কানাই।

‘রকস্টার’ ছবিতে শাকিব খান গ্যাংস্টার বা অ্যাকশন হিরো নয়, বরং একজন পেশাদার সংগীতশিল্পীর ভূমিকায়। চরিত্রের জন্য তিনি ওজন কমিয়েছেন এবং লুকেও বড় পরিবর্তন এনেছেন। ৫ মে প্রথম টিজার প্রকাশের পর শাকিবের এই নতুন লুক দর্শক-ভক্তদের মধ্যে কৌতূহল জাগায়। দেশ-বিদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে টিজারটি ট্রেন্ডিং হয়。

ছবির বেশিরভাগ গানের কথা-সুর আহমেদ হাসান সানির। তিনি গানগুলোতেই কণ্ঠও দিয়েছেন। এছাড়া রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকনের লেখা গান রয়েছে। সংগীত পরিচালনায় জাহিদ নিরব। অঞ্জন চৌধুরী নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া।

আজমান রুশোর গল্পভিত্তিক ছবিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন ও বাস্তব অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আজমান রুশো বলেন, নির্মাণের আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের জীবন ও বাস্তব রকস্টারদের অভিজ্ঞতার মিশেলে এই গল্প তৈরি করেছেন তিনি।

‘রকস্টার’–এর এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার চরকি। অফিশিয়াল মিউজিক পার্টনার এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। ছবির সব গান প্রকাশ হবে এসভিএফ মিউজিক, চরকি ও বিলিং মিউজিকের অফিশিয়াল চ্যানেলে।