নিজের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার জারি একটি অফিস আদেশে এ ব্যবস্থার কথা জানানো হয়েছে।

কর্মকর্তার নাম সাব্বির রহমান। তিনি বিএমডিএর প্রধান কার্যালয়ের আইটি শাখার উপসহকারী প্রকৌশলী।

অফিস আদেশে বলা হয়েছে, ১০ মে সাব্বির রহমান তার ফেসবুক অ্যাকাউন্টে ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো!!!! মাশা আল্লাহ!!!!!’ লিখে একটি পোস্ট দেন। এই পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং বিএমডিএ চেয়ারম্যানের নজরে আসে। ফলে চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আদেশে উল্লেখ আছে। তাকে অসদাচরণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বিএমডিএর কর্মকর্তা-কর্মচারী চাকরি বিধিমালা, ১৯৯৩-এর ৩৭ (খ) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) অনুসারে তার কার্যকলাপ দপ্তরিক শিষ্টাচারবহির্ভূত ও শৃঙ্খলাপরিপন্থী বলে বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়।

আদেশে আরও জানানো হয়, ১২ মে থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময় তিনি প্রচলিত বিধি মেনে খোরাকি ভাতা পাবেন। একই সঙ্গে তাকে রাজশাহী সার্কেল দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেন বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান।

এ বিষয়ে সাব্বির রহমান মুক্তকণ্ঠকে বলেন, ‘ফেসবুকে পোস্ট দেওয়ায় এটি দিয়েছে। আমিও পেয়েছি। কোনো কারণ দর্শানোর নোটিশ পাইনি।’

এর আগে ৫ মে বিএমডিএর চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির।