সিলেটে মাজার জিয়ারতে আসা এক প্রতিবন্ধী তরুণীকে (৩০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাব।
আটককৃত তিনজন হলেন সিলেটের বিমানবন্দর মাহালদি এলাকার আতিকুর রহমান (৪০), লোহারপাড়া এলাকার শামসুল হক (৫৫) ও আশিকুর রহমান (৩০)। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে আতিকুর রহমান ও শামসুল হককে লোহারপাড়া এলাকা থেকে এবং বিকেল সাড়ে ৫টার দিকে আশিকুর রহমানকে নগরের হুমায়ূন রশীদ চত্বর এলাকা থেকে আটক করা হয়। আতিকুর ও আশিকুর সিএনজিচালিত অটোরিকশার চালক।
ভুক্তভোগী তরুণীকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী গত বৃহস্পতিবার সিলেটে শাহজালাল (রহ.)–এর মাজারে ওরসে যোগ দিতে এবং মাজার জিয়ারত করার জন্য সিলেটে আসেন। সোমবার রাতে তিনি সিলেটের শাহ পরান (রহ.)–এর মাজারে ছিলেন। রাতে মাজার থেকে সিলেট রেলস্টেশনে যাওয়ার জন্য একটি অটোরিকশায় ওঠেন। অটোরিকশাচালক ছিলেন আতিকুর রহমান। কথাবার্তার এক পর্যায়ে আতিকুর ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নগরের লোহারপাড়ায় নিয়ে যান। সেখানে তাঁর পূর্বপরিচিত আরেক অটোরিকশাচালক আশিকুর রহমানের মাধ্যমে শামসুল হকের ভাড়া বাসায় যান। তাঁরা তিনজন ওই তরুণীকে ধর্ষণ করেন।
ওই তরুণী আজ সকালে বিষয়টি প্রতিবেশী ভাড়াটেদের কাছে জানান। তখন স্থানীয় ব্যক্তিরা র্যাবকে খবর দেন। র্যাব-৯–এর সদস্যরা অভিযান চালিয়ে প্রথমে আতিকুর এবং পরে শামসুলকে আটক করেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশিকুরকেও আটক করা হয়।
র্যাব-৯–এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম বলেন, “ভুক্তভোগী তরুণীকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”






