ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ডাকাতদের হামলায় র্যাবের তিন সদস্য আহত হন। এ ঘটনায় ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বিকেলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯–এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। আটককৃত ব্যক্তিরা হলেন নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের আবদুল কাদের (৬২), মো. রাহিম (২০), আবদুর রহমান ওরফে অপু মিয়া (১৮), নূর আলম (১৬) ও তাঁদের সহযোগী ছানোয়ারা বেগম (৪৮)।
আজ বেলা দেড়টার দিকে জেলা শহরের সরকারপাড়ায় র্যাব-৯–এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। সেখানে ব্রাহ্মণবাড়িয়া র্যাব-৯-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। পরে বিকেল পৌনে চারটার দিকে র্যাব-৯ একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল চারটার দিকে র্যাব-৯–এর গোয়েন্দা দলের চারজন সদস্য তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দিকে রওনা হন। নবীনগর উপজেলার মধ্য দিয়ে যাওয়ার সময় নবীনগরের শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত ডাকাত শফিক মিয়া ও তার লোকজন সংঘবদ্ধ হয়ে র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে গোয়েন্দা দলের তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে অন্য সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সাহায্যে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হামলায় ব্যবহৃত একটি রামদা, একটি দেশীয় অস্ত্র, একটি চাকু ও দুটি লোহার রড উদ্ধার করা হয়েছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে শফিক ডাকাত ও তার সহযোগী আবদুল হালিম (৩৪) কৌশলে পালিয়ে যায়। ডাকাত দলটি এর আগে নবীনগর থানা–পুলিশের ওপর দুবার হামলা করেছে।
ব্রাহ্মণবাড়িয়া র্যাব-৯–এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী মুক্তকণ্ঠকে বলেন, হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলায় ১০-১১ জনকে আসামি করা হবে। অভিযানে আটক ব্যক্তিরা র্যাব হেফাজতে। তাঁদের নবীনগর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বাকিদের দ্রুত গ্রেপ্তার করা হবে। আটক শফিকের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, পুলিশের ওপর হামলা, ধর্ষণ, মাদকসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রয়েছে।






