পটুয়াখালীর বাউফল উপজেলায় গত রোববার বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তিন দিন ধরে চার কিশোরী নিখোঁজ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং তাদের পরিবারগুলো উদ্বেগে আছে।
রোববার রাতেই চার কিশোরীর অভিভাবকেরা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজদের মধ্যে তিনজন সপ্তম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণির ছাত্রী। তিনজন একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ে, অন্যজন পাশের একটি উচ্চবিদ্যালয়ে।
নিখোঁজ এক কিশোরীর বাবা জানান, গতকাল সোমবার বিকেলে একটি অচেনা নম্বর থেকে তাঁর স্ত্রীর মুঠোফোনে কল আসে। ফোনে তাদের মেয়ে জানায়, তারা চারজন এক ‘আন্টির’ সঙ্গে বেড়াতে গেছে। তবে কোথায় আছে তা না জানিয়েই ফোন কেটে দেয়। এরপর থেকে সেই নম্বর বন্ধ পড়ছে। অন্য তিন কিশোরীর পরিবারও একই রকম তথ্য পাওয়ার কথা বলেছে। তবে তারা কেন বাড়ি ছেড়েছে বা কার সঙ্গে গেছে, সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনি।
নিখোঁজ এক কিশোরীর এক স্বজন বলেন, ওই কিশোরী তার বাবার ৩৫ হাজার টাকা নিয়ে গেছে। টাকার জন্য তাঁদের আক্ষেপ নেই। তবে মেয়েটি কোথায় আছে, কী অবস্থায় আছে, তা না জানায় পরিবার উদ্বিগ্ন।
বিদ্যালয়ের দুটি প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক জানান, নিখোঁজ চার ছাত্রী সেদিন শ্রেণিকক্ষে ছিল না। পরে অভিভাবকদের মাধ্যমে জানা যায়, তারা সকলে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। সহপাঠীদের সঙ্গে কথা বলে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার কারণ নিয়েও কোনো তথ্য মেলেনি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, চার কিশোরীকে উদ্ধারে পুলিশের চেষ্টা চলছে। দ্রুত তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আশা করছেন তিনি।






