২০১৯ সালে দুবাইয়ে বর্ষবরণের অনুষ্ঠানে প্রথম দেখা হয় মৌনী রায় ও সুরজ নাম্বিয়ারের। সময়ের সঙ্গে তাঁদের সম্পর্ক গভীর হয়, একে অপরের কাছাকাছি চলে আসেন। প্রায় তিন বছর সম্পর্কে থাকার পর ২০২২ সালের জানুয়ারি মাসে বিয়ে করেন তাঁরা। বাঙালি ও মালায়লি রীতি মেনে হয়েছিল বিয়েটি। কিন্তু মাত্র চার বছরের দাম্পত্যে কি চিড় ধরেছে? বিচ্ছেদের গুঞ্জন শুনে ভক্তরা মন খারাপ করছেন। তবে মৌনী বা সুরজ এখনো এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

বিবাহবিচ্ছেদের জল্পনা শুরু হয় কীভাবে? ইনস্টাগ্রামে তাঁরা একে অপরকে আনফলো করেছেন বলে খবর। এছাড়া মৌনী রায়ের প্রোফাইল থেকে সুরজ নাম্বিয়ারের সব ছবি নিশ্চিহ্ন। এই ঘটনা নেট নাগরিকদের নজরে পড়তেই দাম্পত্য ভাঙন নিয়ে চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। আগে স্বামীর ছবি থাকলেও এখন মৌনীর ইনস্টা হ্যান্ডেলে একটাও পাওয়া যাচ্ছে না। ফলে বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়েছে। নেট নাগরিকদের সিংহভাগ মনে করছেন, দাম্পত্যে চিড় ধরেছে এবং তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে।

আলোঝলমলে তারকাদুনিয়া থেকে দূরে সুরজ
মৌনী রায়ের গ্ল্যামার জগতের সঙ্গে সুরজ নাম্বিয়ারের জীবন একেবারে আলাদা। তিনি শোবিজের লোক নন। ভারতের বেঙ্গালুরুতে জন্মগ্রহণকারী সুরজ পেশায় ব্যবসায়ী ও ইনভেস্টমেন্ট ব্যাংকার। দীর্ঘদিন দুবাইয়ে কাজ করেছেন তিনি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে ফিন্যান্সিয়াল ও ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছেন সুরজ। পরে দুবাইয়ে পারিবারিক ব্যবসা সামলাতে শুরু করেন। গ্ল্যামার দুনিয়া থেকে দূরে থাকতেই পছন্দ করেন তিনি। ফলে মৌনীর সঙ্গে সম্পর্কের সময়ও তিনি খুব একটা আলোচনায় আসেননি।

দুবাইয়ে শুরু হয় প্রেমকাহিনি
আগে নির্মাতা অয়ন মুখার্জির সঙ্গে মৌনীর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও অভিনেত্রী বরাবর ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে চেয়েছেন। জানা যায়, ২০১৯ সালের নববর্ষ উদযাপনের সময় দুবাইয়ে পরিচিতদের মাধ্যমে প্রথম দেখা হয় তাঁদের। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। প্রায় দুই বছর সম্পর্কের পর পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় হয় বিয়েটি।

ব্যবসায়ও ছিলেন অংশীদার
শুধু ব্যক্তিগত জীবন নয়, ব্যবসায়ও অংশীদার ছিলেন মৌনী ও সুরজ। ২০২২ সালে তাঁরা একটি এডটেক প্ল্যাটফর্ম চালু করেন। এরপর ২০২৩ সালে মুম্বাইয়ে বিলাসবহুল রেস্তোরাঁ বদমাশ শুরু করেন।

ক্যারিয়ারে ব্যস্ত মৌনী
ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেও ক্যারিয়ারে ব্যস্ত মৌনী রায়। সামনে মুক্তি পাবে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’। এছাড়া ‘ব্রহ্মাস্ত্র ২’ ও মধুর ভান্ডারকরের নতুন সিনেমায় তাঁকে দেখা যাবে।