মুক্তকণ্ঠ ট্রাস্টের নিয়মিত আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভায় ২০২২ সালের ২০ অক্টোবর রাজশাহী কলেজিয়েট স্কুলের মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক তানজির আহম্মদ এবং বরেন্দ্র মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল আলম পরামর্শ দেন। এই সভা থেকে একটি বিশেষ সচেতনতামূলক কার্যক্রম তুলে ধরা হলো।
সভায় একটি অসাধারণ সচেতনতা কার্যক্রমে অংশ নিয়ে ২০০ শিক্ষার্থী মাদককে ‘না’ বলে। প্রিয় মানুষের প্রতি ভালোবাসাকে কাজে লাগিয়ে একজন পরামর্শক তাদের এই শপথ করান।
অনুষ্ঠানে পরামর্শকের অনুরোধে শিক্ষার্থীরা চোখ বন্ধ করে তাদের সবচেয়ে প্রিয় মানুষের মুখ কল্পনা করে। কিছুক্ষণ পর পরামর্শক যখন তাদের কল্পনা করতে বলেন যে—সেই প্রিয় মানুষটি মাদক সেবন করছে, তখন সবাই একযোগে ‘না’ বলে চিৎকার করে ওঠে।
পরামর্শক তখন শিক্ষার্থীদের মনে করিয়ে দেন, প্রিয় মানুষের মাদক সেবন যদি তাদের জন্য এত কষ্টের হয়, তবে তারা নিজেরা মাদক গ্রহণ করলে তাদের পরিবার ও প্রিয়জনদের কতটা কষ্ট হবে। এই উপলব্ধি থেকে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে মাদক পরিহারের শপথ নেয়। মাদকের পাশাপাশি তারা মিথ্যা বলা, মন খারাপ এবং না বুঝে মুখস্থ করাকেও বর্জন করার অঙ্গীকার করে।






