ঈদুল আজহার আগে নারায়ণগঞ্জের এক খামারে গোলাপি রঙের এক মহিষ সবার দৃষ্টি আকর্ষণ করছে। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের এই মহিষটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে গরু, মহিষ, ছাগল, ভেড়াসহ কোরবানির পশুর মধ্যে এই ব্যতিক্রমী গোলাপি মহিষটি সবচেয়ে আলাদা। সাড়ে তিন বছর বয়সী এই মহিষটির মাথার চুল তুলনামূলক বড় এবং চলাফেরায় রাজকীয় ভাব লক্ষণীয়। খামারিরা তার নাম রেখেছেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

খামার কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর কোরবানির ঈদের এক মাস পর রাজশাহী সিটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়। তখন থেকে বিশেষ যত্নে লালন-পালন চলছে। এর মাংসের লাইভ ওয়েট প্রতি কেজি ৫৫০ টাকায় ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি হয়েছে। ঈদুল আজহার আগে ক্রেতা মহিষটি নিয়ে যাবেন।

খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা মুক্তকণ্ঠকে বলেন, “মহিষটির মাথার সামনের চুল অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় আমরা ওর নাম রেখেছি ডোনাল্ড ট্রাম্প। দেখতে যেমন আকর্ষণীয়, স্বভাবও তেমন শান্ত। এটি এলবিনো জাতের মহিষ। এ জাতের মহিষ সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে। উত্যক্ত না করলে সহজে আক্রমণাত্মক আচরণ করে না।”

বিশেষ নাম ও গোলাপি রঙের জন্য প্রতিদিন খামারে মহিষটি দেখতে নানা বয়সী মানুষের ভিড়। পাইকপাড়া এলাকার বাসিন্দা মিলন মিয়া বলেন, “বিভিন্ন জায়গা থেকে মানুষ শুধু ডোনাল্ড ট্রাম্পকেই দেখতে আসছে। আমরাও দেখতে এসেছি।” আরেক দর্শনার্থী সুলতানা আক্তার বলেন, “মহিষটি দেখতে খুবই সুন্দর। চুলগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো।”

খামারের পরিচর্যাকারী কাউসার মিয়া বলেন, “‘ডোনাল্ড ট্রাম্প’-এর বিশেষ যত্ন নেওয়া হয়। প্রতিদিন দুই বেলা সময় মেনে তাকে খাবার দেওয়া হয়। খাদ্যতালিকায় আছে ভুট্টা, সয়াবিন, খইল, গমের ভুসি, তিলের খইল, ধানের কুঁড়া, খড় ও সবুজ ঘাস। এ ছাড়া স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত পরিচর্যাও করা হচ্ছে।”

রাবেয়া অ্যাগ্রো ফার্ম সূত্রে জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে খামারে প্রায় ২০০টি পশু প্রস্তুত। কিন্তু সবার আগ্রহের কেন্দ্র গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। প্রতিদিন অসংখ্য কৌতূহলী শুধু একনজর দেখতে ভিড় করছেন। বর্তমানে এটি আলোচনার বিষয় হয়ে উঠেছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান মুক্তকণ্ঠকে বলেন, “জেলায় এবার কোরবানির পশুর চাহিদা ১ লাখ ৩ হাজার। ৬ হাজার ৫৩৫টি খামারে কোরবানির পশু প্রস্তুত আছে ১ লাখ ১৩ হাজার। একটি খামারে গোলাপি রঙের এলবিনো জাতের মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রাখা হয়েছে বলে শুনেছি।”