পরপর দুই দিন রাজধানীতে প্রচুর বৃষ্টি নেমেছে। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বেলা ৩টায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগের দিন রোববার ছিল ৩২ মিলিমিটার। সাধারণত বৃষ্টিতে ঢাকার বায়ুর মান উন্নত হয়, কিন্তু এবার বৃষ্টিও দূষণ কমাতে পারছে না।
আজ সকাল সাড়ে আটটায় আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৯৮ দেখিয়েছে। এটিকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০০-এর বেশি হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হয়। নগরীর তিনটি এলাকায় বায়ুর মান অপেক্ষাকৃত খারাপ। গতকাল সকাল ও সন্ধ্যাতেও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল ঢাকা।
সুইজারল্যান্ডভিত্তিক আইকিউএয়ার এই বায়ুদূষণের চিত্র তুলে ধরেছে। প্রতিষ্ঠানটি নিয়মিত বায়ুদূষণের তথ্য প্রকাশ করে। এর লাইভ সূচকগুলো শহরের বাতাসের নির্মলতা বা দূষণের মাত্রা জানিয়ে মানুষকে সতর্ক করে। আজ এই দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য আইকিউএয়ার কয়েকটি পরামর্শ দিয়েছে।
বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ভারতের নয়াদিল্লি (১৬৫) ও চীনের উহান (১৫৮)।
আজ ঢাকার সবচেয়ে দূষিত এলাকাগুলো
নগরীর তিন এলাকায় বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। এর মধ্যে আগারগাঁও শীর্ষে (২৭৩)। তারপর উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (২৪১) ও বেচারাম দেউড়ি (২৩১)।
সাধারণত এপ্রিলের পর থেকে ঢাকার বায়ুর মান ভালো হয়। এ সময় বৃষ্টিতে দ্রুত উন্নতি আসে। কিন্তু এপ্রিল পেরিয়ে মে মাসের অর্ধেক চলে গেলেও বায়ুর মান ততটা ভালো হচ্ছে না।
নগরবাসীর সুরক্ষা উপায়
আইকিউএয়ারের পরামর্শমতো, আজকের বায়ুর মানে বাইরে বের হলে মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে ব্যায়াম এড়িয়ে চলতে হবে। জানালা যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।






