জুলাই গণ–অভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন আদেশ বাতিলের আবেদন করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ সোমবার এই আবেদন দায়ের করা হয়।
গণ–অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের এই মামলায় হুমায়ুন কবির পাটোয়ারী অসুস্থতার কারণে ১১ জানুয়ারি ট্রাইব্যুনাল–২ থেকে জামিন পান। জামিন পেলেও তিনি কারাগার থেকে মুক্তি পাননি। এখন সেই জামিন বাতিলের জন্য প্রসিকিউশন আবেদন করেছে।
প্রসিকিউটর ফারুক আহাম্মদ মুক্তকণ্ঠকে বলেন, “হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন আদেশ বর্তমানে স্থগিত। সেই জামিন আদেশ বাতিলের আবেদন করা হয়েছে। এ বিষয়ে ১৪ মে শুনানি হবে।”
২০২৪ সালের জুলাই মাসে লক্ষ্মীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এই মামলায় হুমায়ুন কবির কারাগারে বন্দি। জুলাই গণ–অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনিই একমাত্র আসামি, যিনি জামিন আদেশ পেয়েছিলেন।






