রাজধানীর ডেমরার মাতুয়াইলে সোমবার বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পোশাককর্মী কামিনী খাতুন (২৪) গুরুতর আহত হন। সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাতুয়াইল এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন কামিনী। বিকেলে কাজ শেষ করে অটোরিকশায় করে ডেমরার বাসায় ফিরছিলেন তিনি। পথে অটোরিকশার চাকায় তাঁর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আরও খারাপ হলে সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত কামিনীর সহকর্মী শারমিন বেগম বলেন, ছুটির পর তাঁরা একসঙ্গে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। মাতুয়াইল সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ কামিনীর ওড়না চাকায় পেঁচিয়ে যায়।
নিহত কামিনী খাতুন ঝালকাঠি সদর উপজেলার কলেজ মোড় এলাকার কামরুল ইসলামের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে ডেমরা এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।






