ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সোমবার বিকেলে গুলিবিদ্ধ অবস্থায় রিমন মিয়া (২০) নামের এক তরুণের লাশ পুলিশ উদ্ধার করে। ঘটনাটি ঘটে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উলুকান্দি এলাকার একটি সড়কে।

নিহত রিমন নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের ফোরকান মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা আড়াইটার দিকে শেখ হাসিনা কলেজ সড়কে স্থানীয়রা গুলিবিদ্ধ তরুণের লাশ দেখতে পান। তারা বাঞ্ছারামপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মৃতদেহের নাকের ওপরের অংশে গুলির চিহ্ন ছিল।

প্রথমদিকে পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাশের ছবি ছড়িয়ে পড়লে চাচাতো ভগ্নীপতি জয়নাল আবেদীন ছবি দেখে ঘটনাস্থলে আসেন। তিনি লাশ শনাক্ত করেন এবং পুলিশকে জানান, নিহতের নাম রিমন এবং তিনি নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের মো. ফোরকান মিয়ার ছেলে।

জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে বড়িকান্দি এলাকায় কয়েকজনের সঙ্গে রিমনের মারামারি হয়। এরপর থেকে সে নরসিংদীতে বোনের বাড়িতে ছিল। সোমবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফেসবুকে লাশের ছবি দেখে তার স্ত্রী তাঁকে খবর দেন। ঘটনাস্থলে এসে তিনি লাশ শনাক্ত করেন। কে বা কারা তাকে হত্যা করেছে, তা তিনি বলতে পারেননি।

বাঞ্ছারামপুর থানার পুলিশ পরিদর্শক আবু সাইদ মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, ‘ওই তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর নাকে গুলির আঘাতের ক্ষতের চিহ্ন রয়েছে‌। ঘটনাস্থল থেকে গুলির একটি খোসা উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’