নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নাশকতামূলক কর্মসূচির পরিকল্পনার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং এক মাইক্রোবাস চালককে আদালত এক দিনের রিমান্ডে পাঠিয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই নির্দেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহান তানভীর নাছিফ এবং চালক রুবেল মিয়া। ফারহান ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি স্যার এ এফ রহমান হলে থাকেন। মামলার বর্ণনা অনুসারে, ফারহান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

আসামিদের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, মামলার তদন্তকারী শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মনমথ হালদার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়েছিলেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌশলী শামসুদ্দোহা সুমন রিমান্ডের যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত এক দিনের রিমান্ড মেনে নেন।

মামলার এজাহার অনুযায়ী, ২ মে ভোরে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী জড়ো হয়। তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে উসকানিমূলক স্লোগান দিচ্ছিল এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছিল।

খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ নাছিফ ও রুবেলকে গ্রেপ্তার করে। পুলিশ দেখে বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানার এসআই মো. মাইনুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

এজাহারে আরও বলা হয়েছে, সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলেও ফারহান তানভীর নাছিফ নেতা-কর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন।