ব্রাজিলে ফুটবল শুধু খেলা নয়, এটি এক গভীর আবেগের প্রতীক। আর নেইমার জুনিয়র যখন এর কেন্দ্রবিন্দু, তখন আলোচনা সংসদের দরজা ছুঁয়ে যাওয়াটাই স্বাভাবিক। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন। তার ঠিক এক সপ্তাহ আগে এক সংসদ সদস্য নেইমারকে দলে রাখার দাবি জানিয়েছেন।
ব্রাজিলীয় ফেডারেল ডেপুটি হেলিও লোপেস সরাসরি চিঠি পাঠিয়েছেন ফুটবল কনফেডারেশন সিবিএফ-এ। তিন পাতার চিঠিতে তিনি চেয়েছেন, বিশ্বকাপে সান্তোসের তারকা নেইমারকে দলে নেওয়া হোক। নিজের সোশ্যাল মিডিয়ায় চিঠির কথা জানিয়ে লোপেস লিখেছেন, নেইমার কেবল একজন খেলোয়াড় নন; তিনি সৃজনশীলতা আর লাখো ভক্তের আশার প্রতীক।
চিঠিতে লোপেস বিনয়ের সঙ্গে জানিয়েছেন, দলের সিদ্ধান্তে হস্তক্ষেপ তাঁর উদ্দেশ্য নয়। তবে তিনি মনে করেন, নেইমারকে দলে চাওয়াটা কোটি কোটি ব্রাজিলিয়ানের প্রাণের দাবি। নেইমার এখন খেলছেন শৈশবের ক্লাব সান্তোসে। কিন্তু ২০১৩-এর চনমনে নেইমার এবং ২০২৬-এর নেইমারের মধ্যে অনেক তফাত। ২০২৩ সালের অক্টোবরে বাঁ হাঁটুর মারাত্মক চোটের পর থেকে জাতীয় দলে তাঁকে দেখা যায়নি।
নেইমার নিয়ে ব্রাজিলের জনমত এখন রাজনৈতিকভাবে বিভক্ত। ‘দাতাফোলিয়া’র সর্বশেষ জরিপে দেখা গেছে, ৫৩ শতাংশ ব্রাজিলিয়ান নেইমারকে বিশ্বকাপ দলে দেখতে চান। সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকদের মধ্যে এ হার ৬২ শতাংশ, যেখানে বর্তমান প্রেসিডেন্ট লুলার সমর্থকদের মধ্যে ৪৬ শতাংশ। প্রসঙ্গত, ২০২২ সালে নেইমার জইর বোলসোনারোর প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছিলেন।
নেইমার বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার পথে এগিয়ে গেছেন। কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক দলে তাঁকে অন্তর্ভুক্ত করেছেন বলে ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে। সান্তোসের জার্সিতে সর্বশেষ দুই ম্যাচে গোলও করেছেন ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোলের রেকর্ডধারী নেইমার।
গত মাসে প্রেসিডেন্ট লুলা ‘ব্রাজিল ২৪৭’ ওয়েবসাইটকে সাক্ষাৎকারে বলেছেন, নেইমারের জাতীয় দলে ডাক নিয়ে আনচেলত্তির সঙ্গে কথা হয়েছে। লুলা বলেছিলেন, “আমার আনচেলত্তির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তখন আনচেলত্তিই আমাকে জিজ্ঞাসা করেন, “আপনার কি মনে হয় নেইমারকে দলে ডাকা উচিত?” আমি বললাম, দেখুন, সে যদি শারীরিকভাবে ফিট থাকে, তার সামর্থ্য তো অবশ্যই আছে।”
চোট ও ফিটনেস সমস্যায় দুই বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে ৩৪ বছর বয়সী নেইমার। সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে। আনচেলত্তি একাধিকবার বলেছেন, ফিট থাকলে নেইমার দলে ডাক পাবেন।






