স্যামসাং বাংলাদেশ দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক দুই নতুন স্মার্টফোন নিয়ে এসেছে। ‘গ্যালাক্সি এ৩৭ ফাইভজি’ ও ‘গ্যালাক্সি এ৫৭ ফাইভজি’ ফোন দুটিতে ‘ভয়েস ট্রান্সক্রিপশন’ সুবিধা রয়েছে, যা কাজে লাগিয়ে সহজেই ভয়েস রেকর্ডার অ্যাপে ধারণ করা কথাকে বার্তায় রূপান্তর করা যায়। এছাড়া ‘এআই সিলেক্ট’ ফিচার থাকায় দ্রুত বার্তা কপি করা যায়। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দৈনন্দিন কাজকে আরও সহজ করতে ফোনগুলোতে রয়েছে গুগলের ‘সার্কেল টু সার্চ’ সুবিধা, যা ছবির ভেতরে থাকা একাধিক বস্তুকে শনাক্ত করতে সক্ষম। এতে রয়েছে ‘অবজেক্ট ইরেজার’, যা ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ সরিয়ে ফেলতে সাহায্য করে। শুধু তাই নয়, ‘নাইটোগ্রাফি’ সুবিধা থাকায় অপেক্ষাকৃত কম আলোতেও ভালোমানের ছবি তোলা সম্ভব।
৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত এই ফোনগুলোতে আইপি৬৮ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা রয়েছে, যা পানিতে নষ্ট হওয়া থেকে বাঁচায় এবং ধুলাও জমতে দেয় না। নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহার করে অতিরিক্ত খরচ ছাড়াই ক্যাশব্যাকসহ ১২ মাসের কিস্তিতে কেনা যাবে ফোন দুটি।
গ্যালাক্সি এ৩৭ ফাইভজি মডেলে সংস্করণ ভেদে ৮ গিগাবাইট র্যাম এবং ১২৮ ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। এর দাম যথাক্রমে ৫৯ হাজার ২৯৯ টাকা এবং ৬৭ হাজার ৭৯৯ টাকা। অন্যদিকে, গ্যালাক্সি এ৫৭ ফাইভজি'তে সংস্করণ অনুযায়ী ৮ ও ১২ গিগাবাইট র্যাম এবং ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা আছে। এর দাম যথাক্রমে ৭৮ হাজার ১৯৯ টাকা এবং ৮৬ হাজার ৫৯৯ টাকা।






