প্রাপ্তবয়স্কদের জন্য নেটফ্লিক্সের হরর সিরিজ ‘ইফ উইশেস কুড কিল’ নিয়ে আলোচনা তুঙ্গে। তরুণ দর্শকরা এই সিরিজটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন।

মুক্তির দ্বিতীয় সপ্তাহেই এটি প্ল্যাটফর্মটির অ-ইংরেজি ভাষার সিরিজের তালিকায় শীর্ষে উঠেছে বলে বুধবার জানিয়েছে নেটফ্লিক্স।

নেটফ্লিক্সের তথ্য অনুসারে, গত রোববার শেষ হওয়া সপ্তাহে সিরিজটি ৭ দশমিক ৫ মিলিয়ন ভিউ পেয়েছে। ২৪ এপ্রিল মুক্তির তিন দিনের মাথায় এটি চতুর্থ স্থানে উঠেছিল। সিরিজটি কোরিয়া, জাপান, থাইল্যান্ড, মিসর, ব্রাজিলসহ ৬৪টি দেশ ও অঞ্চলে শীর্ষ দশে ছিল। যৌনতা থেকে নানা বিতর্ক, শেষ বারের মতো ফিরছে হইচই ফেলে দেওয়া সেই সিরিজ।

এদিকে, কোরিয়ান রোমান্টিক কমেডি সিরিজ ‘সোল্ড আউট অন ইউ’ সাপ্তাহিক চার্টে তৃতীয় স্থানে রয়েছে।

ইংরেজি ভাষার চলচ্চিত্র বিভাগে ‘কে–পপ ডেমন হান্টার্স’ টানা ৪৬তম সপ্তাহে শীর্ষ দশের পঞ্চম স্থানে রয়েছে।

সিরিজে কী আছে

‘ইফ উইশেস কুড কিল’ সিরিজের গল্প আবর্তিত হয়েছে পাঁচজন কোরিয়ান উচ্চবিদ্যালয়পড়ুয়া কিশোর-কিশোরীকে ঘিরে।

তারা ‘গিরিগো’ নামের একটি রহস্যময় অ্যাপের পাল্লায় পড়ে। অ্যাপটি ব্যবহারকারীর ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু প্রতিটি ইচ্ছাপূরণের পেছনে থাকে ভয়ংকর মূল্য এবং এক অভিশাপ।

শুরুতে নিজেদের চাওয়া পূরণের সুযোগ মনে হলেও, ধীরে ধীরে তারা বুঝতে পারে এই অ্যাপ তাদের জীবনকে বিপজ্জনক ও আতঙ্কজনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এরপর তারা সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। কিশোর জীবনের সম্পর্ক, ভয়, লোভ এবং অতিপ্রাকৃত আতঙ্ক—সব মিলিয়ে সিরিজটি তরুণদের জন্য নির্মিত এক হরর-থ্রিলার গল্প।