রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার বৃষ্টি হয়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা নেমে এসেছে। বিশেষ করে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে বুধবার থেকে অন্তত তিনটি বিভাগে বৃষ্টি বাড়তে পারে, যার প্রভাব ঢাকা ও আশপাশের এলাকায়ও পড়তে পারে।

মৌসুমি বায়ু আসার প্রাক্কালে এমন আবহাওয়া দেখা যায়। তীব্র গরমের মধ্যে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বৃষ্টিতে পরিবেশ শীতল হয়। সোমবারও রাজধানীতে তাই ঘটেছে। সকাল থেকে প্রচণ্ড গরম সত্ত্বেও আগের দিনের সন্ধ্যার বৃষ্টি তাপমাত্রা কমাতে পারেনি। বেলা বাড়ার সঙ্গে আকাশ মেঘে ঢেকে যায় এবং দুপুরে বৃষ্টি শুরু হয় মেঘের গর্জনসহ।

আবহাওয়া অফিসের সূত্র জানায়, দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত রাজধানীতে ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীতে, ৩৫ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর আজ মুক্তকণ্ঠকে বলেন, “আগামীকাল মঙ্গলবার বৃষ্টি একটু কমে আসতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে।”

বুধবার থেকে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি বাড়তে পারে বলে জানান তরিফুল নেওয়াজ কবীর। তিনি বলেন, এর প্রভাব ঢাকা বা এর আশপাশের এলাকায়ও পড়তে পারে।

এদিকে, আজকের বৃষ্টির কারণে রাজধানীর তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আজ এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস, যেখানে গতকাল ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস।