গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর শীতলক্ষ্যা নদী থেকে সিংহশ্রী আলাউদ্দিন খান উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মো. নুরুল ইসলাম নাহিদ ওরফে রাহিমের (১৩) মরদেহ পুলিশ উদ্ধার করেছে। আজ সোমবার বিকেলে উপজেলা সদরের বলদা ঘাট এলাকা থেকে লাশটি পাওয়া যায়।
নিহত নাহিদ কাপাসিয়া উপজেলার বড় কাকিয়া গ্রামের আবদুস ছালামের ছেলে। পরিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ৯টার দিকে সে বাড়ি থেকে বের হন। বিকেল পর্যন্ত না ফিরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেন। কোনো সূত্র না পেয়ে আজ সোমবার সকালে তার বাবা আবদুস ছালাম কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে কাপাসিয়া সদর ইউনিয়নের বলদার ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে স্থানীয় মাঝিরা একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে নিখোঁজ নাহিদের পরিবারকে জানানো হলে তারা এসে মরদেহ শনাক্ত করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাহিদ নদীতে গোসল করতে বা সাঁতার কাটতে নেমেছিল। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।






