রাজশাহীতে চুরির অভিযোগে এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধর করা হয়েছে। মুঠোফোনে ধরা নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। গতকাল রোববার মতিহার থানা এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতিত তরুণ মো. তুষার (১৮) নগরের কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা।
ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বেঁধে রাখা তুষারকে দুই তরুণ লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করছেন। মারধর শুরুর আগে একজনকে বলতে শোনা যায়, ‘চালু করে দিয়েছি।’ ক্যামেরা চালু হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় নির্যাতন। ৪৫ সেকেন্ডে তুষারকে অন্তত ১৪ বার লাঠি দিয়ে মারা হয়। মারধরের সময় তিনি ব্যথায় চিৎকার করছেন। একসময় তাঁকে বলতে শোনা যায়, ‘হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।’ কিন্তু নির্যাতনকারীরা এতে পুরোপুরি থামেননি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, আহত তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগে তাঁকে মারধর করা হয়েছে। তবে কী চুরির অভিযোগে, তা জানা যায়নি। কোনো অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কাউকে গাছে বেঁধে নির্যাতন করা এবং সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া—দুটিই অপরাধ। চিকিৎসা শেষে ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।






