যশোরের শার্শা উপজেলায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে নাভারন–সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহতরা হলেন শার্শা উপজেলার উলাসী খালপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) এবং আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে শাহিন হোসেন নিজের খেত থেকে কাঁচা মরিচ তুলে বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারে যাচ্ছিলেন। গিলাপোল এলাকায় পৌঁছাতেই বিপরীতদিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল নিহত হন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ ট্রাকের চালক ও হেলপারকে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।






