ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সংখ্যালঘুদের প্রতি যেকোনো অত্যাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়বেন, কিন্তু সংখ্যালঘু ও অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার, জুলুম বা নির্যাতন সহ্য করবেন না।

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে ধর্মমন্ত্রী এ কথাগুলো বলেন। আজ সোমবার সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

এক প্রশ্নের জবাবে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, ভারত বিশাল দেশ। তাদের তিনি শ্রদ্ধা করেন, কারণ তারা গণতন্ত্র লালন করে। তবে আরও বেশি শ্রদ্ধা করবেন, যদি তারা সংখ্যালঘুদের আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং জনগণের অংশ হিসেবে সব ব্যবস্থা নেয়।

ধর্মমন্ত্রী বলেন, ‘তবে আমি একটা কথা বলি...ভারতে কী হচ্ছে, এটা বড় জিনিস নয়, ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে—এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজনবোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে সংখ্যালঘুদের ওপর, কোনো অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার, জলুম, নির্যাতান সহ্য করব না।’

সংলাপে আরও বক্তব্য দেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।