বলিউড তারকা সাইফ আলী খান আবার ক্রাইম থ্রিলার জগতে ফিরছেন। তাঁর নতুন ছবি ‘কর্তব্য’ চলতি মাসের শেষের দিকে নেটফ্লিক্সে মুক্তি পাবে। সদ্য প্রকাশিত ট্রেলারে রাজনৈতিক চাপ, ব্যক্তিগত টানাপোড়েন এবং বিপজ্জনক গোপন রহস্যে ভরা এক গল্প ফুটে উঠেছে। ছবিতে সাইফের সঙ্গে অভিনয় করেছেন রসিকা দুগল, সঞ্জয় মিশ্রা, জাকির হুসেন ও মণীষ চৌধুরী।

শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হয়েছে ‘কর্তব্য’। পুলকিত পরিচালিত এই ছবিতে শাহরুখ ও সাইফ আবার একসঙ্গে কাজ করেছেন। সম্প্রতি মুম্বাইয়ে নেটফ্লিক্সের অফিসে এক আয়োজনে ছবির ট্রেলার মুক্তি পায়। অনুষ্ঠানে অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন সাইফ আলী খান, রসিকা দুগল, সঞ্জয় মিশ্রা, মণীষ চৌধুরী ও জাকির হুসেইন।

ট্রেলার মুক্তির পর তারকারা গণমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন। সাইফ গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শাহরুখের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক নিয়ে। এর আগে তারা ‘কাল হো না হো’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন এবং একাধিক অ্যাওয়ার্ড শো সঞ্চালনা করেছেন।

সাইফ জানান, ‘কর্তব্য’ ছবির জন্য শাহরুখ ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলেন এবং চিত্রনাট্য শোনার জন্য উৎসাহ দিয়েছিলেন। পরিচালক পুলকিতের সঙ্গে দেখা ও গল্প শোনার পর সাইফের ছবির প্রতি আগ্রহ জন্ম নেয়। সাইফ বলেন, ‘শাহরুখের সঙ্গে আমার খুব সুন্দর এবং দীর্ঘদিনের সম্পর্ক। অনেক দিক থেকেই আমি তাঁকে শ্রদ্ধা করি।’ তিনি আরও জানান, পরে শাহরুখ পুরো ছবি দেখে খুব খুশি হয়েছেন।

ছবির শুটিং চলাকালীন শাহরুখ ইচ্ছা করেই সেটে যেতেন না বলেও সাইফ জানান। তাঁর কথায়, ‘শুটিং সেটে আমি তাঁর সঙ্গে দেখা করিনি। কারণ, তিনি এমন একজন প্রযোজক, যিনি মনে করেন পরিচালকের নিজের মতো করে ছবি বানানোর সম্পূর্ণ স্বাধীনতা থাকা উচিত।’

‘কর্তব্য’ ছবিতে সাইফ অভিনয় করেছেন ‘পবন মালিক’ নামের এক পুলিশ অফিসারের ভূমিকায়। তাঁর সুরক্ষায় থাকা অবস্থায় এক সাংবাদিককে গুলি করা হলে পবনের জীবন ওলটপালট হয়ে যায়। প্রথমে হামলাকারীকে খোঁজার চেষ্টা চলে, কিন্তু পরে সামনে আসে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও ব্যক্তিগত বিশ্বাসঘাতকতায় ভরা আরও ভয়ংকর চক্র। জনসাধারণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ বাড়লে পবনের ব্যক্তিগত জীবন ভেঙে পড়তে শুরু করে। তার ভাইকে ঘিরে সংঘাত পরিবারকে বিপদে ফেলে। ফলে পারিবারিক দায়িত্ব ও পেশাগত কর্তব্যের মাঝে বেঁচে থাকার লড়াই লড়তে হয় পবনকে।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রসিকা দুগল, সঞ্জয় মিশ্রা, জাকির হুসেইন ও মণীষ চৌধুরী। পুলকিতের লেখা ও পরিচালনায় তৈরি ‘কর্তব্য’ নেটফ্লিক্সে মুক্তি পাবে ১৫ মে। স্ট্রিমিং প্ল্যাটফর্মের বাইরেও সাইফ বড় পর্দায় ফিরছেন। পরিচালক প্রিয়দর্শনের ‘হেয়ওয়ান’ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন অক্ষয় কুমার।