বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানায় দায়ের হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) জামিন বহাল রয়েছে।
রাষ্ট্রপক্ষের জামিন বাতিলের আবেদন নিষ্পত্তি করে আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।
ওই মামলায় ৩ মে হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সায়েদুল হক। জামিন স্থগিতের জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা চেম্বার আদালত হয়ে আপিল বিভাগে শুনানির জন্য উত্থাপিত হয়।
আদালতে সুমনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী লিটন আহমেদ। রাষ্ট্রপক্ষের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক উপস্থিত ছিলেন।
পরবর্তীতে আইনজীবী লিটন আহমেদ মুক্তকণ্ঠকে বলেন, “হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সুমনের জামিন বহাল রইল। তাঁর বিরুদ্ধে আরও ছয়টি মামলা থাকায় এখনই তাঁর কারামুক্তির কোনো সুযোগ নেই।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ তুলে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন হৃদয় মিয়া। মামলার বাদী হৃদয় মিয়া হবিগঞ্জের মাধবপুর ১০ নম্বর হাতিয়াইন ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর সরকারের সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি আমলা, পুলিশ, সাংবাদিকসহ ৭০ জনের বেশি ব্যক্তি গ্রেপ্তার হন। একই বছরের ২২ অক্টোবর সৈয়দ সায়েদুল হককে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন তিনি।






