মুক্তকণ্ঠ ট্রাস্ট ২০২৬ সালের ৩১ জানুয়ারি অনলাইনে একটি মাদকবিরোধী পরামর্শ সভা আয়োজন করে। সভায় কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম ‘শিশুদের স্কুল ভীতি: অভিভাবকের করণীয়’ বিষয়ে আলোচনা করেন।
নতুন স্কুলে ভর্তির পর অনেক শিশু কান্নাকাটি করে বাবা-মায়ের আঁচল ছাড়তে চায় না। প্রায়ই অভিভাবকদের স্কুলের গেটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এমন আচরণ দেখে অনেক অভিভাবক দুশ্চিন্তায় পড়েন। এ ব্যাপারে মনোরোগ বিশেষজ্ঞ ডা. রাহেনুল ইসলাম বলেন, “শুরুর দিকে এই ভয় পাওয়া মোটেও অস্বাভাবিক নয়, বরং এটি একটি সুস্থ মানসিক বিকাশের লক্ষণ।”
শিশুদের এই মনস্তাত্ত্বিক দিক নিয়ে আলোকপাত করতে তিনি জানান, “একজন শিশুর পৃথিবী শুরু হয় তার কাছের মানুষের (প্রাইমারি কেয়ারগিভার) মাধ্যমে। যাদের সাথে তার গভীর আবেগীয় বন্ধন বা ‘অ্যাটাচমেন্ট’ থাকে, তাদের থেকে বিচ্ছিন্ন হওয়াটা শিশুর কাছে নিরাপত্তাহীনতার মতো। এই মানুষগুলো থেকে বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারটা কিন্তু তার জন্য অনেক ভয়ের ব্যাপার। জীবনের প্রথম স্কুলের দিনটাতে শিশুটা ভয় পাবে, একটু আঁকড়ে ধরবে—এটা কিন্তু আমরা বলব স্বাভাবিক আচরণ। বরং উল্টোটা যদি ঘটে যে শিশুটি একেবারেই ভয় পাচ্ছে না, কাছের মানুষকে মিস করছে না, তাহলে বলব বরং এটাই ভয়ের ব্যাপার। সুতরাং শিশুর মনস্তাত্ত্বিক বিষয়গুলো ভালোভাবে জানা ও বোঝা দরকার আছে।”






