রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) ডাকে আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে আজ সোমবার ভোর থেকে এ কর্মসূচি শুরু করেছে দলটি।

সকালে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং, উজোবাজারসহ সড়কের বিভিন্ন স্থানে বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন ইউপিডিএফ সদস্যরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিংও করছেন। ফলে সাজেক-দীঘিনালা সড়ক, দীঘিনালা-বাঘাইছড়ি পথে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

সাজেক পর্যটনকেন্দ্রের খোয়াল বুক রিসোর্টের ব্যবস্থাপক সমীরণ চাকমা জানান, প্রতিদিন সকাল ১০টায় বাঘাইহাট থেকে সাজেক এবং সাজেক থেকে বাঘাইহাটের উদ্দেশে পর্যটকবাহী যানবাহন ছাড়ে। কিন্তু অবরোধের জেরে নির্ধারিত সময়ে যান ছাড়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এখন সাজেকের রিসোর্টগুলোতে পর্যটকের সংখ্যা খুবই কম।

গত শনিবার সাজেকের শুকনাছড়া এলাকায় ইউপিডিএফ-প্রসীত গ্রুপের সদস্য হেগেরা চাকমাকে গুলি করে হত্যা করা হয়। দলটির দাবি, ইউপিডিএফ-গণতান্ত্রিকের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন। ইউপিডিএফের (প্রসীত) মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘হত্যাকাণ্ডের বিচার ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আমাদের সড়ক অবরোধ কর্মসূচি চলছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপিডিএফ-গণতান্ত্রিকের সংগঠক অমর জ্যোতি চাকমা মুক্তকণ্ঠকে বলেন, যেখানে ঘটনা সংগঠিত হয়েছে, সেখানে তাঁদের দলের কোনো কার্যক্রম নেই। ইউপিডিএফ-গণতান্ত্রিকের ওপর অহেতুক দোষ চাপানো হচ্ছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘হত্যার ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। হত্যার প্রতিবাদে আজ আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে একটি দল। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।’