নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশ পরা দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মী মাইনুল ইসলাম ওরফে মাহিন (২৪) আহত হয়েছেন। গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাহিন একই গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মাহিন নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুটি সিএনজি চালিত অটোরিকশা তাঁদের সামনে এসে থামে। অটো থেকে নামতে চার-পাঁচজন মুখোশধারী টর্চলাইট জ্বালিয়ে মাহিনকে লক্ষ্য করে গুলি ছোড়তে শুরু করেন।
মাহিনের ডান হাঁটুতে দুটি গুলি লাগে। মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা অটোরিকশা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় বন্ধুরা তাঁকে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বোরহান উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, “গুলিবিদ্ধ মাহিন জামায়াতের একজন সক্রিয় কর্মী। আমাদের ধারণা, রাজনৈতিক প্রতিহিংসাবশত দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করেছে।”
জানতে চাইলে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।






