নাটোরের লালপুরে সরকারি ফ্যামিলি কার্ড করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করায় কাজল হোসেন (৪৫) নামের একজনকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা অর্থদণ্ড করে।
গতকাল রবিবার রাতে উপজেলার অমৃতপাড়া গ্রামে লালপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন এই দণ্ডাদেশ জারি করেন।
যাঁর কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা হয়েছিল, তিনি রেবেকা বেগম (৪৫)।
লালপুর থানা সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম ভুক্তভোগী রেবেকার বাড়িতে এসে সরকারের ফ্যামিলি কার্ড পাইয়ে দেবেন বলে প্রস্তাব দেন। বিনিময়ে তিনি ১০ হাজার টাকা দাবি করেন। এতে রেবেকার সন্দেহ হয়। তিনি বিষয়টি গ্রামের কয়েকজনকে জানান। পরে লোকজন এসে তাকে জিজ্ঞাসাবাদ করে বোঝেন, এই ব্যক্তি প্রতারণা করে টাকা আদায়ের চেষ্টা করেছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে আসে। সেখানে তিনি দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে দণ্ড দেওয়া হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।






