মাইলস্টোন কলেজের দুই শিক্ষার্থী মাফি বি সরকার এবং মেহেদী হোসেন ওরফে রাফসান নিখোঁজ। দুজনেরই বয়স ১৭ বছর।
দুই সপ্তাহেরও বেশি সময় ধরে এই দুই কিশোরের তীব্র খোঁজ চলছে। ঢাকার উত্তরার তুরাগ এবং গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় তাদের নিখোঁজ হওয়ার বিষয়ে পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তুরাগ থানার জিডির তথ্য অনুসারে, মাফি বি সরকার নামে ১৭ বছর বয়সী এই শিক্ষার্থী গত ২৩ এপ্রিল সন্ধ্যা সাতটা থেকে নিখোঁজ।
একই দিন একই সময় টঙ্গী পূর্ব থানার জিডিতে উল্লেখ করা হয়েছে, মেহেদী হোসেন (রাফসান) নামে মাইলস্টোন কলেজের আরও এক ১৭ বছর বয়সী কিশোর নিখোঁজ হয়েছে।
পুলিশ জানায়, ১৭ দিন আগে এই দুই বন্ধু একই সঙ্গে নিখোঁজ হয়েছে। তারা একই কলেজে পড়াশোনা করে। নিখোঁজ হওয়ার আগে দুজনে বাসায় মোবাইলফোন রেখে গেছে। তাই ধারণা করা হচ্ছে, তারা স্বেচ্ছায় নিখোঁজ হয়েছে। কী কারণে তারা নিখোঁজ হয়েছে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তারা দুজনই স্বাধীনভাবে বাঁচতে চায় বলে বিভিন্ন সময় বন্ধুদের সঙ্গে আলোচনায় জানিয়েছে।
তুরাগ থানার জিডির তদন্ত করছেন উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “মাফি বি সরকার লেখাপড়ায় অমনোযোগী ছিল। এ নিয়ে কথা বলার কারণে পরিবারের সদস্যদের প্রতি তার অভিমান থাকতে পারে। সে কারণে নিখোঁজ হয়ে থাকতে পারে। তার নিখোঁজের অন্য কোনো বিষয় আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।”
মাফি বি সরকারের বাবা বিপ্লব সরকার মুক্তকণ্ঠকে বলেন, “মেহেদী লেখাপড়ায় অমনোযোগী ছিল, এটা সত্য। তবে পরিবারের কারও সঙ্গে এ নিয়ে তার মনোমালিন্য হয়নি।” মেহেদী কেন, কাদের সঙ্গে নিখোঁজ হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
এদিকে, গত বৃহস্পতিবার মুক্তকণ্ঠের পক্ষ থেকে মেহেদী হোসেনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মেহেদী হোসেন লেখাপড়ায় খুবই মনোযোগী ছিল। কারও সঙ্গে কোনো মনোমালিন্য হয়নি। সে স্বেচ্ছায় নিখোঁজ হয়েছে কি না, নাকি অন্য কেউ অপহরণ করেছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। তার নিখোঁজের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত কিছু জানাতে পারেনি।






