বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচের নাম আজ চূড়ান্ত হওয়ার কথা ছিল। দুই দিন আগে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এমনই জানিয়েছিলেন। কিন্তু আজ কোনো কোচ চূড়ান্ত হয়নি, এ নিয়ে কোনো ঘোষণাও আসেনি।
রাজধানীর ফর্টিস ডাউনটাউন রিসোর্টে আজ সন্ধ্যার পর বাফুফের জাতীয় দল কমিটির সভা হয়। সভায় নতুন কোচ নিয়োগ নিয়ে আলোচনা হয়লেও বৈঠক শেষে কোনো নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফলে ফুটবলপ্রেমীদের নতুন কোচের পরিচয় জানতে আরও অপেক্ষা করতে হচ্ছে।
জানা গেছে, সভায় ছয়জন কোচের নাম নিয়ে আলোচনা হয়েছে। তাঁরা সবাই ইউরোপের। লাতিন আমেরিকার তিনজন ছিলেন, তবে লাতিন আমেরিকার কারও নয়। বেতন নিয়ে এখন কোচদের সঙ্গে কথা চলছে। কেউ কেউ সহকারী নিয়ে আসতে চান। সহকারীদের বেতন নিয়ে তাঁদের সঙ্গে আরও আলোচনা করবে বাফুফে। বিশ্বস্ত সূত্র বলছে, ছয়জনের মধ্যে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান এগিয়ে আছেন।
আমরা ২৩০টির বেশি সিভি পেয়েছি। সেগুলো শর্ট লিস্ট করে ২৩টিতে এনেছি। সেগুলো বিশ্লেষণ করে ১১ জনকে আমরা অনলাইন সাক্ষাৎকারে ডেকেছিলাম। এই আলোচনা চলমান আছে। ১৫ মে আমরা সেটার সমাপ্তি করব।তাবিথ আউয়াল, সভাপতি, বাফুফে
বাফুফের জাতীয় দল কমিটির প্রধান তাবিথ সাংবাদিকদের জানান, ১৫ মে নতুন কোচের নাম ঘোষণা করা হবে। তিনি আজ নিশ্চিত করেন, নতুন কোচের সঙ্গে চুক্তি হবে দুই বছরের। বিদায়ী কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে প্রথমে ছিল এক বছরের চুক্তি, পরে এক বছর করে বাড়ানো হয়। সর্বশেষ তাঁর চুক্তি ছিল ১৪ মাসের।
কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি শেষ হয় গত ৩০ এপ্রিল। তখন থেকে নতুন কোচ নিয়োগে বাফুফে কাজ চলছে। আজ সভা শেষে এক প্রশ্নে তাবিথ বলেন, ‘প্রধান কোচের সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়াটি চলমান আছে। আমরা অনেকের সঙ্গেই কথা বলছি। আগে আমরা একটি ডেডলাইন দিয়েছিলাম—১৫ তারিখ আমরা চুক্তির দিকে যাব, কার সঙ্গে আমরা চুক্তি করতে যাচ্ছি সেটা জানিয়ে দেব। আমাদের দিন–তারিখ পেছাবে না, আমরা আমাদের পরিকল্পনামতো এগোচ্ছি।’
তিনি বলেন, ‘ন্যাশনাল টিমস কমিটি পুরো প্রক্রিয়াটির সঙ্গে জড়িত ছিল। আমরা ২৩০টির বেশি সিভি পেয়েছি। সেগুলো শর্ট লিস্ট করে ২৩টিতে এনেছি। সেগুলো বিশ্লেষণ করে ১১ জনকে আমরা অনলাইন সাক্ষাৎকারে ডেকেছিলাম। এই আলোচনা চলমান আছে। ১৫ মে আমরা সেটার সমাপ্তি করব।’
চূড়ান্ত তালিকায় কারা আছেন, এমন প্রশ্নে তাবিথ কোনো নাম উল্লেখ করেননি। তিনি বলেন, ‘আমরা কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলব না, এ নিয়ে কোনো তথ্য দিচ্ছি না। আমরা এটুকু বলতে পারি, যাদের সঙ্গে কথা বলছি, আমরা খোলা মনে আছি। ১৫ তারিখ ডেডলাইন আছে, তার মধ্যে আমি নিশ্চিত অনেকে বাংলাদেশের কোচ হওয়ার সুযোগটা উন্মুক্ত রাখবে। চূড়ান্ত নাম জানতে আমি ১৫ তারিখ পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বলছি।’
নামী কোচরা পুরো কোচিং স্টাফ নিয়ে আসতে চাইলে বাফুফে তা বিবেচনা করবে কি না—এ প্রশ্নে তাবিথ বলেন, ‘আমরা সবার সঙ্গে আলোচনা করছি। কেস টু কেস ভিন্ন হচ্ছে। প্রতিটি সম্ভাবনাময় কোচের চাহিদা, তাঁদের আইডিয়া বিবেচনায় রাখছি।’ তিনি আরও বলেন, ‘আমরা আগামী ২ বছর বাংলাদেশকে কীভাবে এগিয়ে নিতে পারব, সেই লক্ষ্য নিয়ে কাজগুলো করছি।’
কোচের বেতন নিয়ে তাবিথ বলেন, ‘আমাদের নিশ্চয়ই একটা বাজেট আছে। সেই বাজেটের ভেতরে সম্ভাবনাময় কোচের সঙ্গে কথা চূড়ান্ত হয়ে গেলে বিষয়টি সমাধান হয়ে গেল। যদি বাজেট বাড়াতে হয়, আমরা আমাদের স্পনসরের সঙ্গে কথা বলার সুযোগ উন্মুক্ত রেখেছি; কিছু ডোনারের সঙ্গে কথা বলছি, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা বলে রেখেছি।’ তিনি যোগ করেন, ‘নতুন কোচের সঙ্গে চুক্তি হবে ২ বছরের।’






