২০১৩ সালে মুক্তি পাওয়া জিতু জোসেফের মালয়ালম থ্রিলার ‘দৃশ্যম’ তৎক্ষণাত্ ব্যাপক জনপ্রিয় হয়। এর সিকোয়েলটিও প্রশংসিত হয়েছে। হিন্দি রিমেক দুটি ও একইভাবে বাণিজ্যিক সাফল্য দেখিয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রবিন্দু জর্জকুট্টি, একজন সাধারণ ক্যাবল ব্যবসায়ী। তবে পরিবার রক্ষায় তাঁর বুদ্ধির টক্কর দিতে পারেন কম লোকই। এবার আসছে ‘দৃশ্যম ৩’। গতকাল শনিবার রাতে ট্রেলার মুক্তির পর থেকে অনলাইনে চলছে ছবিটি নিয়ে আলোচনা।
গতকাল কোচিতে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পরিচালক জানান, এবার গল্পের ধরন আগের দুই ছবির তুলনায় বদলে গেছে। অন্যদিকে মোহনলাল মজা করে ইঙ্গিত দেন, শুধু তৃতীয় নয়, ভবিষ্যতে চতুর্থ ও পঞ্চম কিস্তিও আসতে পারে।
প্রথম দুই ছবিতে দর্শক দেখেছেন, কীভাবে পরিবারকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন জর্জকুট্টি। এক ভয়ংকর অপরাধের পর পুলিশ ও মৃত ছেলের পরিবার থেকে বাঁচতে নানা বুদ্ধি খাটান তিনি। কিন্তু ‘দৃশ্যম ৩’-এ পরিস্থিতি আরও জটিল। পরিচালক জিতু জোসেফ বলেন, “প্রথম ও দ্বিতীয় অংশের সঙ্গে তৃতীয় অংশের সবচেয়ে বড় পার্থক্য হলো এবার জর্জকুট্টি জানেনই না, কে তাঁর পেছনে লেগেছে। আগের দুই ছবিতে তিনি জানতেন পুলিশ ও মৃত ছেলেটির পরিবার তাঁকে অনুসরণ করছে। কিন্তু এবার তিনি বুঝতেই পারছেন না, কে তাঁকে তাড়া করছে।”
তবে পরিচালক এখানেই সব রহস্য ফাঁস করেননি। তাঁর ভাষায়, “আমি এটা বলছি না যে ছবিতে চমকে দেওয়ার মতো কিছু থাকবে না।” অর্থাৎ এবারও দর্শকদের জন্য অপেক্ষা করছে বড় ধরনের মোড়।
অনুষ্ঠানে সবচেয়ে বেশি আলোচিত হয় মোহনলালের মন্তব্য। জর্জকুট্টির চরিত্রে অভিনয়কারী এই তারকা জানান, গল্প এখানে শেষ হয়নি। মোহনলাল বলেন, “আমি বহুবার বলেছি জর্জকুট্টিকে বাঁচিয়ে রাখতে। কিন্তু সে এখনো পুরোপুরি বাঁচেনি। তাই আপনারা ‘দৃশ্যম ৪’-এর আশা করতেই পারেন।” এরপর হাসতে হাসতে যোগ করেন, “এটা কোনো মজা নয়। মানুষ ছবিটি দেখুক, তারপর ঠিক করুক আমরা চার বা পাঁচ নম্বর কিস্তি বানাব কি না।” এমনকি প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুর নাকি চতুর্থ ছবির আগেই পঞ্চম কিস্তির পরিকল্পনা করে ফেলেছেন বলে জানান তিনি।
‘দৃশ্যম ৩’-এ আগের ছবির পরিচিত মুখেরাই ফিরছেন। জর্জকুট্টি চরিত্রে মোহনলাল, সঙ্গে মীনা, আনসিবা হাসান ও এস্থার অনিল। ট্রেলারে দেখা গেছে, আগের দুই ছবির ঘটনার পর জর্জকুট্টি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁর চারপাশে এক অদ্ভুত ভয় কাজ করছে। পরিবার অতীত ভুলে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলেও জর্জকুট্টি বুঝতে পারছেন—বিপদ এখনো কাটেনি। ট্রেলারের শেষে সেই আতঙ্ক আরও স্পষ্ট। মনে হয়, অন্ধকার অতীত আবার ফিরে আসছে।
২১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে






