মুক্তকণ্ঠ ট্রাস্ট পরিচালিত কচ্ছপতলী আলোর পাঠশালায় ভাবগাম্ভীর্য ও উল্লাসে ভরা পরিবেশে ‘বিশ্ব মা দিবস’ পালিত হয়েছে। এই দিবস উপলক্ষে স্কুল প্রাঙ্গণে বিশেষ আলোচনা সভা এবং শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চতুর্থ ঘণ্টার ক্লাস শেষে মা দিবসের সুন্দর উদযাপনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উদ্যমে অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে স্কুলের মিলনায়তনে আলোচনা সভা হয়। সভায় সকল শিক্ষক এবং দুজন শিক্ষার্থী মায়ের মর্যাদা, ত্যাগ এবং সন্তানের জীবনে মায়ের ভূমিকা নিয়ে আবেগপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষে রচনা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানলাভী শিক্ষার্থীদের প্রধান শিক্ষক জনাব লাপ্রাড ত্রিপুরা পুরস্কার হাতে তুলে দেন।

সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, 'সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর হলেন মা। মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।' পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান সফলভাবে শেষ হয়।