আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়। সকালের এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর কথিত প্রেমিকা অভিনেত্রী তৃষা কৃষ্ণান। চলতি বছরের শুরু থেকেই দুই তারকার প্রেম নিয়ে নানা জল্পনা চলছে। আজ শপথসভায় তৃষার হাজিরা সেই গুঞ্জনকে নতুন করে জোরালো করেছে।

এই বিশেষ দিনের জন্য তৃষা সি-ফোম নীল ও সোনালি রঙের শাড়ি পরেছেন। সঙ্গে ক্রিম রঙের ব্লাউজ। খোঁপায় সাদা গাজরা, লাল রুবি পাথরের গয়না এবং হালকা মেকআপে তাঁকে ঐতিহ্যবাহী সাজে দেখা গেছে। আইলাইনার, কাজল ও ছোট্ট টিপে তাঁর চেহারা আরও আকর্ষণীয় হয়েছে।

অনুষ্ঠানে প্রবেশের সময় এক সংবাদকর্মী তাঁকে বলেন, “আজ তামিলনাড়ুর জন্য বড়দিন।” হাসিমুখে অভিনেত্রী জবাব দেন, “হ্যাঁ, ধন্যবাদ। আমি অপেক্ষায় আছি।” শপথ অনুষ্ঠানে তৃষার সঙ্গে ছিলেন তাঁর মা উমা কৃষ্ণান। এরপর তাঁরা আর কোনো প্রশ্নের জবাব দেননি।

দীর্ঘদিন ধরে দক্ষিণি চলচ্চিত্রজগতে বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বহুদিন থেকে তাঁরা সম্পর্কে রয়েছেন। তবে কেউই প্রকাশ্যে এ নিয়ে কথা বলেননি। মাত্র ৫০০ টাকা পারিশ্রমিকের সেই বিজয় এখন মুখ্যমন্ত্রী।

চলতি বছরের ফেব্রুয়ারিতে গুঞ্জন আরও তীব্র হয় যখন খবর আসে, বিজয়ের স্ত্রী সংগীতা বিচ্ছেদের আবেদন করেছেন। কিছু প্রতিবেদনে বলা হয়, সেখানে এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতার অভিযোগ ছিল। যদিও এসব বিষয়ে কেউ আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

ইন্ডিয়া টুডে অবলম্বনে